
উত্তরপ্রদেশের কানপুরে একটি জনসভায় অন্যরকম ভূমিকায় দেখা গেল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি তিনি সেখানে দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখার পরামর্শ দেন। একই সঙ্গে ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজবাদী পার্টির (সপা) সঙ্গে জোট নিয়েও সময়সীমা বেঁধে দেন। জনসভায় ওয়াইসি বলেন, বাড়িতে ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি না করে স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রকাশ করা উচিত। তাঁর পরামর্শ, সকালে ঘুম থেকে উঠে এবং সন্ধ্যায় বাড়ি ফেরার পর স্ত্রীকে দিনে দু’-চার বার ‘লভ ইউ ডিয়ার’ বলা যেতে পারে। ওয়াইসি বলেন, স্ত্রীর চোখে চোখ রেখে বলতে হবে, ‘I LOVE YOU MY DEAR’। তাঁর কথায়, এতে বাড়ির পরিবেশ ভালো থাকবে এবং স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসাও বাড়বে।
কানপুরের সভায় ওয়াইসি ‘আই লভ মহম্মদ’ স্লোগানও দেন। তিনি জনতার উদ্দেশে বলেন, AIMIM-কে ভালোবাসলে তা প্রকাশ্যে বলতে হবে। এরপর সমর্থকদের দিয়ে ‘আই লভ মহাম্মদ’ স্লোগানও দেওয়ান তিনি। ওয়াইসি বলেন, ভোটের সময় ভয় না পেয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। তাঁর বক্তব্যে দাম্পত্য সম্পর্কের প্রসঙ্গের পাশাপাশি রাজনৈতিক বার্তাও উঠে আসে।
কানপুরের সভা থেকে ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়েও বড় ঘোষণা করেন ওয়াইসি। তিনি জানান, কানপুর ক্যান্টনমেন্ট আসনে AIMIM প্রার্থী দেবে। তাঁর দাবি, গত নির্বাচনে সেখানে ভুল হয়েছিল। এবার সেই ভুল আর হবে না। ওয়াইসি বলেন, নির্বাচনের আগে তিনি কানপুরে আরও দু’-তিন বার আসবেন। পাশাপাশি বিজেপির সরকার যাতে ফের ক্ষমতায় না আসে, তার জন্য বিরোধী দলগুলিকে AIMIM-এর সঙ্গে হাত মেলানোর আহ্বান জানান তিনি। জোটের বিষয়ে তিনি বলেন, ২ অক্টোবর পর্যন্ত জোটের জন্য অপেক্ষা করা হবে। এরপর জোট নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। সপাকে নিশানা করে ওয়াইসি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির ফল সীমাঞ্চল ইতিমধ্যেই দেখেছে। অর্থাৎ, ২ অক্টোবর পর্যন্ত জোটের বিষয়ে সপাকে সময়সীমা বেঁধে দিয়েছেন AIMIM প্রধান।
কানপুরের সভায় ওয়াইসির ‘লভ ইউ’ বলার পরামর্শের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাঁর বক্তব্য নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। রাজনৈতিক সভায় সাধারণত সরকার, বিরোধী দল এবং বিভিন্ন নীতির সমালোচনা করতে দেখা যায় ওয়াইসিকে। সেই জায়গায় দাম্পত্য জীবনে ভালোবাসা প্রকাশের পরামর্শ দেওয়ায় তাঁর বক্তব্যটি আলাদা করে নজর কেড়েছে।