
Bank Holiday 2026: নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই ছুটির তালিকায় চোখ রাখা জরুরি। কারণ, আগামী ১৬ নভেম্বর, সোমবার ছটপুজো উপলক্ষে দেশের একাধিক রাজ্যে বন্ধ থাকতে পারে ব্যাঙ্কের পরিষেবা। ফলে ওই দিন ব্যাঙ্কে গিয়ে জরুরি কাজ সারতে চাইলে সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের। তবে সারা দেশে একই দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। রাজ্যভেদে উৎসব ও স্থানীয় ছুটির নিয়ম আলাদা হওয়ায় কোথাও ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে, আবার অন্য রাজ্যে স্বাভাবিকভাবেই চলবে কাজকর্ম।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, ১৬ নভেম্বর ছটপুজো উপলক্ষে বিহার ও ঝাড়খণ্ডে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে। এই দুই রাজ্যে সূর্য ষষ্ঠী বা ডালা ছটের প্রথম অর্ঘ্য উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, দিল্লি সরকার ১৬ নভেম্বর ছটপুজো উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করলেও রাজধানীতে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। কারণ, দিল্লির এই ছুটি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে ব্যাঙ্কের ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি।
পশ্চিমবঙ্গের গ্রাহকদের জন্য স্বস্তির খবর, RBI-এর তালিকায় ১৬ নভেম্বর কলকাতায় ব্যাঙ্ক বন্ধের কোনও উল্লেখ নেই। অর্থাৎ, ওই দিন রাজ্যে ব্যাঙ্কের শাখা স্বাভাবিক নিয়মেই খোলা থাকার কথা। তবে ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা উপলক্ষে কলকাতা-সহ একাধিক জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের দৈনন্দিন লেনদেনে সমস্যা হওয়ার কথা নয়। কারণ, ছুটির দিনেও চালু থাকবে একাধিক ডিজিটাল পরিষেবা।