
Bankipur By Election Result 2026:বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে চমকের পথে প্রশান্ত কিশোর। প্রথমবার ভোটের ময়দানে নামা ভোট গুরু প্রশান্ত কিশোর নবম রাউন্ডের গণনার শেষে ৫ হাজার ২৭২টি ভোটে এগিয়ে রয়েছেন। বিজেপি সভাপতি নীতীন নবীনের ছেড়ে যাওয়া এই বাঁকিপুর বিজেপির গড় হিসেবে পরিচিত। ১৯৯৫ সাল থেকে এই আসনে জিতে আসছেন বিজেপি প্রার্থীরা। সেই বিজেপির গড়ে উপনির্বাচনে প্রশান্ত কিশোর এগিয়ে রয়েছেন। নবম রাউন্ডের গণনা শেষে বিজেপির নীরজ কুমার যেখানে ১২ হাজার ৫৮৪টি ভোট পেয়েছেন, সেখানে জন সূরয পার্টির প্রধান তথা প্রার্থী প্রশান্ত কিশোর পেয়েছেন ১৭ হাজার ৮৫৬টি ভোট। আরজেডি প্রার্থী রেখা গুপ্তা রয়েছেন তৃতীয় নম্বরে।
গত ৩০ জুলাই হওয়া বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৩৪.৩০ শতাংশ। গত বিধানসভা নির্বাচনে সেখানে ভোটদানের হার ছিল ৪১.৪৫ শতাংশ। অর্থাৎ, এবার ভোট পড়েছে আগের তুলনায় ৭ শতাংশেরও বেশি কম। এই উপনির্বাচনে মোট ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখন নজর ফলাফলের দিকে। কারণ, এই ফলেই বোঝা যাবে বিহারের বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি বাঁকিপুর তারা ধরে রাখতে পারে কি না, নাকি এই কেন্দ্রেই বড় ধাক্কা খেতে হবে। গত বছর বিহার বিধানসভা নির্বাচনে বাঁকিপুর কেন্দ্র থেকে টানা পঞ্চমবারের মতো জয়ী হয়েছিলেন বিজেপির নবীন। সেই নির্বাচনে নীতীন নবীন আরজেডি প্রার্থী রেখা গুপ্তাকে ৫০ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন।
গত বছর বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির ঝড় চলে। বিপুল সংখ্যক আসনে জিতে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হন। তবে পরে নীতীশ কুমারের পদত্যাগের পর বিহারের মুখ্যমন্ত্রী হন সম্রাট চৌধুরী। এ বারের উপনির্বাচনেও আরজেডি আবারও রেখা গুপ্তাকেই প্রার্থী করেছে। তবে এই নির্বাচনে সবচেয়ে বেশি নজর কেড়েছেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর। কারণ, এই নির্বাচনের মাধ্যমেই তিনি প্রথমবার সরাসরি ভোটের রাজনীতিতে পা রেখেছেন। ফলে বাঁকিপুরের লড়াই ঘিরে রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।