
Bihar News: মিড ডে মিলে (Midday Meal) নুনের বদলে দেওয়া হল ডিটারজেন্ট! সেই ডিটারজেন্ট মেশানো খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল অন্তত ৪০ জন পড়ুয়া। এই ঘটনা ঘটেছে বিহারের নালন্দা জেলার (Nalanda district) পারাসি মিডল স্কুলে (Parasi Middle School)। অসুস্থ হয়ে পড়া পড়ুয়াদের পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা গিয়েছে। তাদের বিহার শরিফ মডেল হাসপাতালে (Bihar Sharif Model Hospital) ভর্তি করা হয়েছে। সেখানেই এখন তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে উদ্বিগ্ন অভিভাবকেরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসকেরা দ্রুত চিকিৎসা শুরু করেন। নালন্দার সিভিল সার্জন ডা. জয় প্রকাশ সিং জানিয়েছেন, সব পড়ুয়াই নিরাপদ এবং চিকিৎসাধীন। তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার নূরসরাই থানা (Noorsarai Police Station) এলাকার ওই স্কুলে এই ঘটনা ঘটে। অন্য একটি স্কুল থেকে মিড-ডে মিল সরবরাহ করা হয়েছিল। সয়াবিনের তরকারিতে নুন কম থাকায় পড়ুয়ারা অতিরিক্ত নুন চায়। সেই সময় ভুল করে নুনের পরিবর্তে ডিটারজেন্ট পাউডার তাদের দেওয়া হয়। পড়ুয়ারা ডিটারজেন্ট মেশানো খাবারই খেয়ে ফেলে। এই খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। কীভাবে খাবারের উপকরণের কাছে ডিটারজেন্ট রাখা হয়েছিল এবং কীভাবে সেটি ভুল করে পড়ুয়াদের পরিবেশন করা হল, তা খতিয়ে দেখছে প্রশাসন। স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি যাঁরা মিড ডে মিল রান্না করেন, তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এই ঘটনার জন্য দায়ী প্রত্যেকের শাস্তির দাবি উঠছে।
এই ঘটনার খবর পেয়ে বিহারের গ্রামোন্নয়নমন্ত্রী শ্রবণ কুমার (Bihar Rural Development Minister Shravan Kumar) হাসপাতালে পৌঁছে পড়ুয়াদের সঙ্গে দেখা করেন এবং চিকিৎসার ব্যবস্থা খতিয়ে দেখেন। তিনি জানিয়েছেন, ঘটনায় যারা দায়ী প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।