
BJP Candidate Bypoll 2026 আগামী ৬ অক্টোবর অসমের নগাঁও লোকসভা আসনে উপনির্বাচনে (Nagaon Lok Sabha Seat Bypoll 2026) ভোটগ্রহণ। এবার সেই আসনে বিজেপির হয়ে লড়বেন দেবাশিস শর্মা (Debasish Sharma)। শুক্রবার সকালে বিজেপির পক্ষ থেকে অসমের নগাঁও লোকসভা আসনে প্রার্থী হিসেবে দেবাশিস শর্মা-র নাম ঘোষণা করা হল। তাঁকে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ নেতা হিসেবে ধরা হয়। মাস চারেক আগে বিজেপি রেকর্ড সংখ্যক আসনে জিতে অসমে ক্ষমতা ধরে রাখে। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্বশর্মা। বিধানসভা নির্বাচনের পর এই প্রথম অসমে ভোটগ্রহণ হবে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রদ্যুত বরদলৈ (Pradyut Bordoloi)-র পদত্যাগে এই আসনটি খালি হয়।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৯ সেপ্টেম্বর উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ৬ অক্টোবর ভোটগ্রহণ। ভোটগ্রহণের পর ৯ অক্টোবর হবে ভোটগণনা। ফলে নগাঁও লোকসভা কেন্দ্রের পরবর্তী সাংসদ কে হতে চলেছেন, তা জানা যাবে ৯ অক্টোবর। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি নগাঁও লোকসভা কেন্দ্রের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রের সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে EVM এবং VVPAT ব্যবহার করেই ভোট নেওয়া হবে।
বিধানসভা ভোটে ভরাডুবির পর কংগ্রেসের এই নগাঁও উপনির্বাচন অস্তিত্বরক্ষার লড়াই। ২০২৪ লোকসভা ভোটে এই আসন থেকে ২ লক্ষের কাছাকাছি ভোটে জিতে সাংসদ হয়েছিলেন কংগ্রেসের অভিজ্ঞ নেতা প্রদ্যুত বরদলৈ। কিন্তু কমাস আগে বিধানসভা ভোটের আগে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হন। দিশপুর আসন থেকে বিজেপির হয়ে প্রদুত জিতে বিধায়ক হন। সাংসদ পদ থেকে ইস্তফাও দিয়েছিলেন প্রদ্যুত। আর তাঁর পদত্যাগের ফলে নগাঁও আসনটি খালি হয়। নগাঁও উপনির্বাচনে কংগ্রেসের হয়ে লড়তে চলেছেন শিবোমনি বোরা। গত দুটি লোকসভা ভোটে এই আসন থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন প্রদুত বরদোলুই। তবে ১৯৯৯ লোকসভা ভোট থেকে টানা চারবার এখান থেকে জিতে সাংসদ হয়েছিলেন বিজেপির রাজেন গোহেন। এবার সেই নগাঁও বিজেপি না কংগ্রেস কার দিকে যায় তার দিকেই তাকিয়ে থাকবে গোটা অসম।
নগাঁওয়ের দিকে তাকিয়ে সবাই
নগাঁও লোকসভা কেন্দ্রের এই উপনির্বাচন তাই শুধুমাত্র একটি শূন্য আসন পূরণের নির্বাচন হিসেবে দেখলে হবে না। অসম বিধানসভা নির্বাচনে বিজেপির শক্তিশালী ফলাফলের পর রাজ্যে দলের বিজয়রথ কতটা ছন্দে রয়েছে, তার একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পরীক্ষা হতে পারে এই উপনির্বাচন। অন্যদিকে, প্রদীপ বরদলৈয়ের মাধ্যমে যে আসনটি এতদিন কংগ্রেসের দখলে ছিল, সেটি ধরে রাখাই এখন কংগ্রেসের প্রধান লক্ষ্য। এর মধ্যেই কংগ্রেসের জন্য লড়াই আরও কঠিন হয়ে উঠতে পারে। কারণ, বিরোধী দলকে সমর্থন না করে AIUDF নগাঁও আসনে নিজেদের প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বিরোধী ভোট ভাগ হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।