
BJP Rajyasabha Candidates: আসন্ন রাজ্যসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ওড়িশার রাজ্যগুলি থেকে রাজ্যসভার প্রার্থী ঘোষণা করল শাসক দল। এই তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। মধ্যপ্রদেশ থেকে বিজেপি জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘকে রাজ্যসভা প্রার্থী করা হয়েছে। তাঁকে বেছে নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টুর পরিবর্তে। ফলে রবনীত সিং বিট্টু এবার রাজ্যসভা টিকিট না পাওয়ায় মোদী সরকারের মন্ত্রিসভা থেকে তাঁর বিদায় কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। একইভাবে কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানকেও এবার রাজ্যসভায় পুনরায় মনোনয়ন করেনি বিজেপি। ফলে তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভায় ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা।
আগামী ১৮ জুন দেশের ১০টি রাজ্যের ২৪টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে।
তরুণ চুঘকে ঘিরে এখন নতুন করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও উঠে আসছে রাজনৈতিক মহলে। অন্যদিকে মধ্যপ্রদেশ থেকে রাজ্য মন্ত্রী রজনীশ আগরওয়ালের নামও প্রার্থী তালিকায় রাখা হয়েছে। বিজেপির এই সিদ্ধান্তে আরও একটি চমক হলো পাঞ্জাবের প্রবীণ নেতা ও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুনীল জাখড়কে রাজ্যসভা টিকিট না দেওয়া। এই সিদ্ধান্তে পাঞ্জাব বিজেপির অন্দরে বিস্ময় তৈরি হয়েছে।
রাজস্থানে তিনটি রাজ্যসভা আসনের মধ্যে দুই প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। সেখানে সতীশ পুনিয়া এবং আলকা গুর্জরকে প্রার্থী করা হয়েছে। সতীশ পুনিয়া রাজস্থানের প্রাক্তন বিজেপি সভাপতি এবং দলের অন্যতম পরিচিত মুখ। আলকা গুর্জরও রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান রাখেন।
অন্যদিকে ওড়িশা থেকে রাজ্যসভা উপনির্বাচনের জন্য দেবাশিস সামন্ত্রয়কে প্রার্থী করেছে বিজেপি। এক সময়ের নবীন পট্টনায়েকের সঙ্গী দেবাশিস সামন্ত্রয়-কে সম্প্রতি বিজেডি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন মুখদের অন্তর্ভুক্তির মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার কৌশল নিচ্ছে বিজেপি। এই তালিকা প্রকাশের মাধ্যমে রাজ্যসভায় নিজেদের অবস্থান আরও মজবুত করার লক্ষ্য নিয়েছে বিজেপি। একই সঙ্গে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ নেতাকে বাদ দেওয়া হওয়ায় এটিকে বড় ধরনের সাংগঠনিক রদবদল হিসেবেই দেখা হচ্ছে। আগামী দিনে আরও কিছু রাজ্যের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলে জল্পনা।