Undersea Bullet Train: কলকাতায় গঙ্গার নীচে মেট্রোর পর এবার আরব সাগরের তলা দিয়ে ছুটবে বুলেট ট্রেন। মুম্বই-আমদাবাদ রুটে ২১ কিমি সুড়ঙ্গ, ঘণ্টায় ৩২০ কিমি গতিতে ৭ কিমি সমুদ্রের নীচ দিয়ে যাবে ট্রেন। জানুন রুট ও ১২ স্টেশন।
কলকাতায় গঙ্গার নীচ দিয়ে মেট্রো ছোটে অনেক দিন ধরেই। এবার দেশের আরও একটি শহর প্রস্তুত হচ্ছে সমুদ্রের অতল দিয়ে রেলসফরের জন্য। পাতালে ২১ কিলোমিটার সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে জোর কদমে। সব ঠিক থাকলে আগামী বছরেই ওই পথে ট্রেন চলাচল শুরু হওয়ার কথা।
27
মেট্রো নয়, ছুটবে হাই-স্পিড বুলেট ট্রেন
সমুদ্রের তলদেশ দিয়ে এবার আর মেট্রো নয়, হাই-স্পিড বুলেট ট্রেন নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রক। সেই ট্রেন ছুটবে ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিবেগে। সমতল থেকে পাতালে ঢোকার পর সমুদ্রের তলা দিয়ে টানা ৭ কিলোমিটার পথও একই গতিতে যাবে সেই ট্রেন।
37
মুম্বই থেকে আমদাবাদ, ৫০৮ কিলোমিটারের যাত্রাপথ
বুলেট ট্রেনের মোট যাত্রাপথ ৫০৮ কিলোমিটার, যা মুম্বই থেকে আমদাবাদ পর্যন্ত বিস্তৃত। এই দীর্ঘ পথের মধ্যে ২১ কিলোমিটার ট্রেন যাবে মাটির নীচের সুড়ঙ্গ দিয়ে। অর্থাৎ পুরো পথের একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে মাটি ও জলের নীচে।
থানে খাঁড়ির নীচ দিয়ে সুড়ঙ্গ, মাথার ওপর বইবে আরব সাগরের জল
মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্স থেকে থানের শিলফাটা পর্যন্ত যেতে ট্রেন পাড়ি দেবে থানে খাঁড়ির নীচ দিয়ে। এই সুড়ঙ্গের ওপর দিয়ে বইবে আরব সাগরের জল। ফলে যাত্রীরা যখন ট্রেনে বসে থাকবেন, তখন তাঁদের মাথার ওপর থাকবে সমুদ্র।
57
অস্ট্রিয়ান প্রযুক্তির যন্ত্রে এগোচ্ছে সুড়ঙ্গ খোঁড়া, শেষ ১৬ কিলোমিটার
অস্ট্রিয়ান প্রযুক্তির সুড়ঙ্গ খোঁড়ার যন্ত্রের সাহায্যে কাজ অনেকটাই এগিয়েছে। ইতিমধ্যে ১৬ কিলোমিটার সুড়ঙ্গ খোঁড়া হয়ে গিয়েছে। তবে বড় বড় পাহাড়ের মতো পাথর কাটতে কিছুটা বেশি সময় লাগছে বলে জানিয়েছে রেল।
67
সমুদ্রস্তরের ২৫ থেকে ৫৫ মিটার নীচে দুই লাইন
এই সুড়ঙ্গ কোথাও সমুদ্রস্তরের ২৫ মিটার গভীরে, কোথাও আবার ৫৫ মিটার নীচ পর্যন্ত পৌঁছেছে। সুড়ঙ্গে পাশাপাশি দু'টি লাইন পাতবে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন। একটি লাইন মুম্বই থেকে আমদাবাদ যাওয়ার জন্য, অন্যটি আমদাবাদ থেকে মুম্বই ফেরার জন্য।
77
রেলমন্ত্রীর আশ্বাস ও ১২ স্টেশনের তালিকা
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিশ্চিত করেছেন, যে গতিতে কাজ এগোচ্ছে, তাতে আগামী বছরেই সমুদ্রের তল দিয়ে বুলেট ট্রেন ছোটানোর কাজ শুরু করা যাবে। পুরো পথে ট্রেন থামবে ১২টি স্টেশনে। সেগুলি হল মুম্বই বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, থানে, ভিরার, বৈসার, ভাপি, বিলিমোরা, সুরত, ভারুচ, ভদোদরা, আনন্দ, আমদাবাদ এবং সবরমতি।