
সামনেই ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। তার আগে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিল নির্বাচন কমিশন। ছোটদের প্রিয় অ্যানিমেটেড চরিত্র 'ছোটা ভীম'-কে সঙ্গে নিয়ে নতুন প্রচার শুরু করেছে তারা। পশ্চিমবঙ্গে ভোট হবে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল। এই উদ্যোগের মূল লক্ষ্য হল তরুণ ভোটারদের কাছে পৌঁছানো এবং প্রথমবারের ভোটারদের মনে ভোটদান প্রক্রিয়া নিয়ে থাকা নানা ভুল ধারণা ও প্রশ্ন দূর করা।
কী বলছেন ছোটা ভীম চরিত্রের স্রষ্টা?
'ছোটা ভীম'-এর স্রষ্টা এবং গ্রিন গোল্ড অ্যানিমেশনের প্রতিষ্ঠাতা ও সিইও রাজীব চিলাকা এই যৌথ উদ্যোগ নিয়ে বেশ উৎসাহী। তিনি বলেন, "আমরা নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়েছি। ভীম চরিত্রটিকে ব্যবহার করে আমরা ভোটের গুরুত্ব এবং ভোট দেওয়ার বিষয়ে সচেতনতা বাড়াতে চাই। এই প্রচারের জন্য আমরা কমিকস তৈরি করেছি, যা ভোটারদের সচেতন করতে সাহায্য করবে।"
চিলাকা আরও বলেন, ভারতের মতো দেশে এই ধরনের উদ্যোগের খুব প্রয়োজন, কারণ এখানকার জনসংখ্যার একটা বড় অংশই তরুণ। তিনি সংবাদসংস্থা ANI-কে জানান, "ভারত তরুণদের দেশ। এখানে এমন অনেক নতুন ভোটার আছে যারা প্রথমবার ভোট দেওয়ার প্রক্রিয়া নিয়ে বেশ বিভ্রান্ত। আর এই বিভ্রান্তির কারণে তারা হয়তো ভোট দিতেই এল না। তাই আমরা ভোটদানে উৎসাহ দিতে চাই। পাশাপাশি, তাদের বোঝাতে চাই যে কী কী প্রয়োজন। যেমন, নাম নথিভুক্ত না থাকলে কীভাবে তা করতে হবে, বা ভোটার তালিকায় নাম তুলতে হবে। এমনকি, ভোটার আইডি কার্ড না থাকলেও কি ভোট দেওয়া যায়? এই ধরনের সব প্রশ্নের উত্তর আমরা কমিকসের মাধ্যমে এবং অন্যান্য প্রচারের মাধ্যমে দিচ্ছি।"
রাজীব চিলাকার মতে, ভীম চরিত্রটি তার ভালো গুণ এবং নিরপেক্ষতার জন্য পরিচিত। তাই এই প্রচারের জন্য ভীম একেবারে সঠিক পছন্দ। তিনি বলেন, "ভীম একটি নিরপেক্ষ অ্যানিমেটেড চরিত্র। তাই ভোটার সচেতনতা বাড়ানোর জন্য এটি একদম পারফেক্ট। শুধু ছোটদের কাছেই নয়, বড়দের কাছেও ভীমের জনপ্রিয়তা রয়েছে। তাই ভারতীয় নাগরিকদের মধ্যে ভোটের প্রচারের জন্য ভীম দারুণ একজন গাইড হতে পারে।"
ছোটা ভীমের স্রষ্টা আরও জানান যে, এই প্রচার আগামীকাল পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সেখানে নির্বাচনে তরুণদের অংশগ্রহণ বাড়াতে ভীম একটি ম্যাসকট হিসেবেও হাজির থাকবে। চিলাকা জানিয়েছেন, এই সচেতনতামূলক প্রচার পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি এবং আসামের মতো রাজ্যগুলিতেও চালানো হবে, যেখানে খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।
উল্লেখ্য, আসাম, কেরালা এবং পুদুচেরিতে এক দফায় ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। তামিলনাড়ুতে এক দফায় ভোট হবে ২৩ এপ্রিল। এই পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোট গণনা হবে ৪ মে।