সিকিমের আকাশে চিনা সামরিক বিমান! ২৫ মিনিট ধরে, বায়ুসেনার সতর্কবার্তাও উপেক্ষা?

Published : Nov 15, 2026, 01:56 PM IST
china military aircraft enters indian airspace sikkim stays for 25 minutes

সংক্ষিপ্ত

ভারতের আকাশসীমায় চিনা সামরিক বিমানের অনুপ্রবেশ! সিকিমের আকাশে প্রায় ২০-২৫ মিনিট ধরে অবস্থান করল চিনের একটি সামরিক বিমান। ভারতীয় বায়ুসেনার বারবার সতর্কবার্তা সত্ত্বেও বিমানটি ফিরে যায়নি বলে দাবি করা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, যে এলাকায় এই বিমানটির গতিবিধি নজরে এসেছে, তার কাছেই রয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা 'চিকেনস নেক'।

ভারতের আকাশসীমায় চিনা সামরিক বিমানের অনুপ্রবেশের অভিযোগ! সিকিমের আকাশে প্রায় ২০-২৫ মিনিট ধরে অবস্থান করল চিনের একটি সামরিক বিমান। ভারতীয় বায়ুসেনার বারবার সতর্কবার্তা সত্ত্বেও বিমানটি ফিরে যায়নি বলে দাবি করা হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, যে এলাকায় এই বিমানটির গতিবিধি নজরে এসেছে, তার কাছেই রয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডর বা 'চিকেনস নেক'। ১২ নভেম্বর সকাল প্রায় ৮টা নাগাদ সিকিমের আকাশে চিনা সামরিক বিমানের গতিবিধি নজরে আসে ভারতীয় বায়ুসেনার। বিমানটি প্রায় ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল বলে দাবি করা হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে ওই এলাকায় অবস্থান করে বিমানটি। এই সময়ের মধ্যে ভারতীয় বায়ুসেনার তরফে একাধিকবার রেডিও বার্তা পাঠিয়ে বিমানটিকে চিনের আকাশসীমায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি। তবে সতর্কবার্তার পরেও বিমানটি কেন ফিরে যায়নি, তা এখনও স্পষ্ট নয়। বিমানটির সঠিক পরিচয়, গতিপথ এবং শেষ পর্যন্ত কখন সেটি ভারতীয় আকাশসীমা ছেড়েছে, সেই তথ্যও প্রকাশ্যে আসেনি।

শিলিগুড়ি করিডরের কাছে কেন এই ঘটনা গুরুত্বপূর্ণ?

এই ঘটনার গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে ভৌগোলিক অবস্থানের কারণে। সিকিমের যে এলাকায় চিনা বিমানের গতিবিধির কথা বলা হচ্ছে, তার কাছেই রয়েছে শিলিগুড়ি করিডর। পশ্চিমবঙ্গের এই সরু ভূখণ্ড ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে যুক্ত করেছে। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ প্রায় ২০-২২ কিলোমিটার। কৌশলগত গুরুত্বের কারণে এই এলাকাকে 'চিকেনস নেক' বলা হয়। চিন, নেপাল, ভুটান ও বাংলাদেশের কাছাকাছি এই করিডর ভারতের সামরিক ও যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এই অঞ্চলের আকাশে কোনও বিদেশি সামরিক বিমানের সন্দেহজনক গতিবিধি স্বাভাবিকভাবেই নিরাপত্তা সংস্থাগুলির উদ্বেগ বাড়ায়।

ডোকলাম থেকে লাদাখ, অতীতেও চিনা বিমানের গতিবিধি নিয়ে উদ্বেগ

সিকিমের কাছেই রয়েছে ডোকলাম মালভূমি। ২০১৭ সালে এই অঞ্চলেই ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে ৭৩ দিন ধরে অচলাবস্থা চলেছিল। এছাড়াও ২০২০ সালে পূর্ব লাদাখে সীমান্ত উত্তেজনার সময় চিনা সামরিক হেলিকপ্টারের গতিবিধি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। ২০২২ সালের জুন মাসেও পূর্ব লাদাখে ভারতীয় অবস্থানের কাছাকাছি চিনা সামরিক বিমানের উড়ানের ঘটনা সামনে এসেছিল। এই অতীত ঘটনাগুলির কারণে সিকিমের সাম্প্রতিক অভিযোগকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ভারতীয় বায়ুসেনার তরফে কী পদক্ষেপ?

ভারতীয় বায়ুসেনা বিমানটির গতিবিধি শনাক্ত করে রেডিওর মাধ্যমে সতর্কবার্তা পাঠিয়েছিল। তবে কোনও যুদ্ধবিমান পাঠানো হয়েছিল কি না, কিংবা অন্য কোনও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ, চিনা সামরিক বিমানের অনুপ্রবেশের অভিযোগ সামনে এলেও ঘটনার সম্পূর্ণ বিবরণ এখনও স্পষ্ট নয়।

সিকিমের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে চিনা সামরিক বিমানের গতিবিধি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এটি কি নজরদারি অভিযান, নাকি সীমান্তে সামরিক উপস্থিতি জানান দেওয়ার কৌশল? এই মুহূর্তে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিমানটির ধরন, নির্দিষ্ট উড়ানপথ এবং ভারতীয় আকাশসীমায় প্রবেশের পরিস্থিতি সম্পর্কে সরকারি তথ্য সামনে এলেই বিষয়টি আরও পরিষ্কার হবে। শিলিগুড়ি করিডরের নিরাপত্তার সঙ্গে উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থা জড়িত। তাই সিকিমের আকাশে চিনা বিমানের এই গতিবিধির অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে প্রতিরক্ষা মহল।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Naxalism: এখন মাওবাদমুক্ত ভারত! জনজাতীয় গৌরব দিবসে দাবি করলেন প্রধানমন্ত্রী মোদী
রাজস্থানে রেললাইনে বিস্ফোরণে পাকিস্তানি যোগ, গ্রেফতার ২, ISI-র 'হানিট্র্যাপ'?