রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় সামনে এল পাকিস্তানি যোগের অভিযোগ। এই ঘটনায় পঞ্জাবের গুরুদাসপুর থেকে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে রাজস্থান ATS ও পুলিশ। রোম্যান্টিক কথাবার্তা এবং আর্থিক সাহায্যের টোপ দিয়ে তাঁকে এই ষড়যন্ত্রে জড়ানো হয়েছিল বলে অভিযোগ। ধৃতদের নাম মহকদীপ কৌর (২১) এবং দবিন্দর সিং (২২)।
রাজস্থানে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় সামনে এল পাকিস্তানি যোগের অভিযোগ। এই ঘটনায় পঞ্জাবের গুরুদাসপুর থেকে এক মহিলা-সহ দু’জনকে গ্রেফতার করেছে রাজস্থান ATS ও পুলিশ। রোম্যান্টিক কথাবার্তা এবং আর্থিক সাহায্যের টোপ দিয়ে তাঁকে এই ষড়যন্ত্রে জড়ানো হয়েছিল বলে অভিযোগ। ধৃতদের নাম মহকদীপ কৌর (২১) এবং দবিন্দর সিং (২২)। দু'জনেই পঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। রাজস্থান ATS, শ্রীগঙ্গানগর পুলিশ এবং পঞ্জাব পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, পাকিস্তানে থাকা দুই হ্যান্ডলার 'চাচা' ও 'শাহ'-এর সঙ্গে যোগাযোগ ছিল মহকদীপের। রোম্যান্টিক কথাবার্তার মাধ্যমে তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করে পরে আর্থিক সাহায্যের প্রলোভন দেখানো হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, রেললাইনে বিস্ফোরণ ঘটানোর জন্য মহকদীপকে টাকা দেওয়া হয়েছিল।
কীভাবে ঘটানো হয়েছিল বিস্ফোরণ?
গত ৩ নভেম্বর রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার রামসিংহপুরের কাছে অনুপগড়-সুরতগড় রেললাইনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে রেললাইনের দুটি স্লিপার ক্ষতিগ্রস্ত হয়। তৈরি হয় প্রায় আড়াই ফুট গভীর গর্ত। তদন্তকারীদের আশঙ্কা, একটি যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য করেই এই বিস্ফোরণের পরিকল্পনা করা হয়েছিল। সবচেয়ে উদ্বেগের বিষয়, বিস্ফোরণের প্রায় ৭৫ মিনিট আগেই ওই লাইন দিয়ে অনুপগড়-সুরতগড় প্যাসেঞ্জার ট্রেন চলে গিয়েছিল। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
উদ্ধার হয়েছে অস্ত্র ও কার্তুজ
পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৪৬টি কার্তুজ এবং ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বিস্ফোরণের ঘটনায় পাকিস্তান থেকে অর্থ পাঠানো হয়েছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। এই ষড়যন্ত্রে আরও কারা জড়িত, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই আরও তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযুক্তদের থাকার জায়গা, মোটরবাইক এবং ঘটনাস্থলে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগ রয়েছে। পুলিশের দাবি, বিস্ফোরণের আগে অভিযুক্তরা ঘটনাস্থল ঘুরে দেখেছিল। পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগের মাধ্যম এবং আর্থিক লেনদেনের সূত্রও খতিয়ে দেখা হচ্ছে।
ISI-এর নতুন কৌশল নিয়ে উদ্বেগ
তদন্তকারী সংস্থার দাবি, পাকিস্তানের ISI রোম্যান্টিক সম্পর্ক ও আর্থিক প্রলোভনকে হাতিয়ার করে ভারতীয় নাগরিকদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। এর আগেও শ্রীগঙ্গানগরের এক ববিতা নামে মহিলাকে একই ধরনের কৌশলে ফাঁসানোর অভিযোগ উঠেছিল। তবে এই ঘটনায় পাকিস্তানি হ্যান্ডলার বা ISI-এর প্রত্যক্ষ ভূমিকা তদন্তের মাধ্যমে আরও নিশ্চিত করা প্রয়োজন। আপাতত ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুরো নেটওয়ার্কের সন্ধান চালাচ্ছে তদন্তকারী সংস্থা।












