Digital Culture: ভারতের সংস্কৃতি জানতে এআই প্ল্যাটফর্ম, বড় পদক্ষেপ মন্ত্রকের

Published : Nov 16, 2026, 11:39 PM IST
Representative Image (Photo/ANI)

সংক্ষিপ্ত

ভারতের বিপুল সাংস্কৃতিক ঐতিহ্যের তথ্য এবার আরও সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। তাদের পোর্টালে চালু হল এআই-চালিত একটি স্মার্ট সার্চ প্ল্যাটফর্ম। ৬৫টিরও বেশি ডেটাবেস থেকে তথ্য খুঁজে পাওয়া যাবে খুব সহজেই, তাও আবার একাধিক ভাষায়। এর জন্য কোনও রেজিস্ট্রেশনেরও প্রয়োজন নেই।

ভারতের বিশাল ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যকে সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে দিতে বড়সড় প্রযুক্তিগত পদক্ষেপ নিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। সম্প্রতি একটি এআই-চালিত স্মার্ট সার্চ প্ল্যাটফর্ম চালু করেছেন মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল। এই প্ল্যাটফর্মটি একটি কথোপকথনমূলক ইন্টারফেস বা চ্যাটবটের মতো কাজ করবে, যা মন্ত্রকের প্রধান পোর্টাল পাওয়া যাবে।

উল্লেখ্য, আর্কাইভ, পাণ্ডুলিপি, মিউজিয়াম, স্মৃতিস্তম্ভ, নানা শিল্পকলা, সংরক্ষণ উদ্যোগ থেকে শুরু করে জাতীয় স্তরের প্রচারের মতো নানা বিষয়ে ৬৫টিরও বেশি ডিজিটাল প্ল্যাটফর্ম পরিচালনা করে সংস্কৃতি মন্ত্রক।

তবে এই মুহূর্তে তথ্যগুলি নানা সিস্টেমে ছড়িয়ে থাকায়, সাধারণ মানুষের পক্ষে তা খুঁজে পাওয়া বেশ মুশকিল। তাই এই সব তথ্য এক ছাতার তলায় আনতে একটি এআই-চালিত সার্চ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই প্রযুক্তি ব্যবহার করে মন্ত্রকের সমস্ত ডিজিটাল তথ্যকে এক জায়গায় জুড়েছে এই ব্যবস্থা। ফলে এখন থেকে একটি মাত্র ইন্টারফেসের মাধ্যমেই সব তথ্য পাওয়া যাবে।

ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (এনএলপি) ব্যবহার করে এই প্ল্যাটফর্মটি সঠিক ও প্রাসঙ্গিক তথ্য খুঁজে দেবে। সার্চ রেজাল্টের সঙ্গে থাকবে এআই-জেনারেটেড সামারি, তথ্যের উৎস, একাধিক ভাষায় অনুবাদের সুবিধা এবং দরকারি মাল্টিমিডিয়া। শুধু তাই নয়, সাধারণ কি-ওয়ার্ড ভিত্তিক সার্চের বাইরে গিয়ে এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীর আসল উদ্দেশ্য বুঝতে পারবে। ওপেন-সোর্স ফাউন্ডেশন মডেলের ওপর তৈরি এই প্ল্যাটফর্মটি ভবিষ্যতে আরও নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতেও সক্ষম।

এই প্ল্যাটফর্মটি দৈনন্দিন ব্যবহারের ভাষাও বুঝতে পারে। একজন মানুষের সঙ্গে কথা বলার মতোই সাধারণ নাগরিকরা এখানে প্রশ্ন করতে পারেন, যেমন- "আয়ুর্বেদ সম্পর্কিত পাণ্ডুলিপিগুলো কোথায় রাখা আছে?" এর জন্য কোনও নির্দিষ্ট কি-ওয়ার্ড বা পোর্টাল সম্পর্কে জানার দরকার নেই। ৬৫টি পোর্টালে একসঙ্গে সার্চ করা যায়। প্রতিটি পোর্টাল থেকে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে, তা একটি স্পষ্ট ও সহজবোধ্য উত্তরে পরিণত করা হয় এবং প্রতিটি তথ্যের উৎসও উল্লেখ করা থাকে।

এই প্ল্যাটফর্ম শুধুমাত্র সরকারি উৎস এবং মন্ত্রকের নিজস্ব পোর্টাল থেকেই উত্তর দেয়, ওপেন ইন্টারনেট থেকে নয়। তথ্য কম থাকলে অনুমান করার বদলে তা সরাসরি জানিয়ে দেওয়া হয়। জ্ঞানভারত, অভিলেখ পটল, ইন্ডিয়ান কালচার এবং মেরা গাঁও মেরি ধরোহর-এর মতো মন্ত্রকের বড় ডেটাবেসগুলি থেকে সরাসরি তথ্য খুঁজে দেয় এই প্ল্যাটফর্ম। লেখার পাশাপাশি ছবি এবং প্রাসঙ্গিক নথিপত্রও দেখানো হয় উত্তরের সঙ্গে। এটি কথোপকথনের মতো কাজ করে, ফলে ব্যবহারকারীরা একই প্রশ্ন বারবার না করেও ধাপে ধাপে কোনও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

জাতীয় ভাষা অনুবাদ উদ্যোগের সাহায্য নিয়ে তৈরি এই সিস্টেম ভারতের ২২টি স্বীকৃত ভাষাকে সমর্থন করে। এই এআই প্ল্যাটফর্ম কথাও বলতে ও শুনতেও পারে। ফলে নিরক্ষর বা দৃষ্টিহীন মানুষরাও এর সুবিধা নিতে পারবেন। ভারত সরকারের ভাষা প্ল্যাটফর্ম 'ভাষিণী'-র সাহায্যে তৈরি এই সিস্টেমে লগ-ইন করার দরকার নেই। কোনও রেজিস্ট্রেশন ছাড়াই যে কেউ এটি ব্যবহার করতে পারেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

TN Rain Alert: চেন্নাই-সহ ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, নভেম্বরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা!
বিলকিস বানো মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের! যাবজ্জীবন সাজা স্থগিত, জামিন পেলেন ২ দোষী