
Reels Banned in Schools: স্কুল চলাকালীন আর কোনওভাবেই করা যাবে না ভিডিও। দিল্লির সরকারি স্কুলগুলিতে পড়াশোনার পরিবেশ আরও শৃঙ্খলাবদ্ধ করতে বড় পদক্ষেপ নিল সরকার। দিল্লি স্কুল শিক্ষা দফতর থেকে (Directorate of Education Delhi) সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, স্কুল চলাকালীন সময়ে রিল বা ছোট ভিডিও বানানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নির্দেশ সমস্ত সরকারি স্কুলের জন্য প্রযোজ্য। স্কুলের ক্লাস চলাকালীন সময়ে পড়ুয়া, শিক্ষক বা অন্য কোনও কর্মী কেউই স্কুলের ভিতরে বিনোদনমূলক রিল বা শর্ট ভিডিও তৈরি করতে পারবেন না। শিক্ষা দফতরের নজরে আসে, স্কুলের মধ্যেই এই ধরনের ভিডিও তৈরির প্রবণতা বাড়ছে, যা পড়াশোনার পরিবেশে বিঘ্ন ঘটাচ্ছে।
দিল্লি সরকারের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হল পড়াশোনায় মনোযোগ বাড়ানো এবং স্কুলের শৃঙ্খলা বজায় রাখা। সরকার স্পষ্ট জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান মূলত পড়াশোনার জন্য, বিনোদনের কনটেন্ট তৈরির জায়গা নয়। ক্লাসের সময় মোবাইল ফোন বা ক্যামেরা ব্যবহার করে অপ্রয়োজনীয় ভিডিও বানানো একেবারেই বরদাস্ত করা হবে না। সোশ্যাল মিডিয়ার বাড়তি প্রভাব কমিয়ে পড়াশোনার দিকে মনোযোগ বাড়াতেই দিল্লি সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
তবে সব ধরনের ভিডিও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি। শিক্ষামূলক, সাংস্কৃতিক বা সচেতনতামূলক ভিডিও তৈরির ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে তার জন্য আগে থেকেই অনুমতি নিতে হবে এবং শিক্ষকের তত্ত্বাবধানে সেই কাজ করতে হবে। একই সঙ্গে পড়ুয়াদের নিরাপত্তা ও গোপনীয়তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। স্কুলের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, এই নিয়ম কঠোরভাবে কার্যকর করতে হবে। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।