The Delimitation (Second) Bill, 2026: সোমবার শুরু হচ্ছে সংসদের (Parliament) চার দিনের অধিবেশন। এই অধিবেশনে লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিল পাশ করানোর চেষ্টা করবে কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে সংবিধানের ১৩২-তম সংশোধনী বিলও পাশ করানোর চেষ্টা করবে সরকার। এই দুই বিল নিয়ে রাজনৈতিক মহলে তৎপরতা দেখা যাচ্ছে।
KNOW
Parliament Session: লোকসভা (Lok Sabha) ও বিধানসভায় (Assembly) আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে বড় পদক্ষেপ কেন্দ্রের নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারে। সংসদের আসন্ন চার দিনের বিশেষ অধিবেশনের আগে ২০২৬ সালের সংবিধান (১৩২তম সংশোধনী) বিল (The Constitution (One Hundred and Thirty-second Amendment) Bill, 2026) এবং ডিলিমিটেশন (দ্বিতীয়) বিল (The Delimitation (Second) Bill, 2026) পেশের প্রস্তুতি নিয়েছে কেন্দ্র। প্রস্তাব অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সমান হারে ৫০ শতাংশ আসন বাড়ানো হবে। তবে ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে লোকসভায় আসনের আনুপাতিক অংশীদারিত্ব অপরিবর্তিত রাখার পরিকল্পনা রয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে লোকসভার কার্যকর আসন সংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বেড়ে ৮১৬ হতে পারে। একইসঙ্গে লোকসভার সর্বোচ্চ সাংবিধানিক সদস্যসংখ্যা ৫৫০ থেকে বেড়ে ৮৫০ করার প্রস্তাব রয়েছে। এর মধ্যে রাজ্যগুলির জন্য সর্বোচ্চ ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসন নির্ধারিত হতে পারে। রাজ্য বিধানসভাগুলির সর্বোচ্চ সদস্যসংখ্যাও ৫০০ থেকে বাড়িয়ে ৬৫০ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার শুরু হচ্ছে সংসদের অধিবেশন
আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদের অধিবেশনের আগে এই সংশোধিত প্রস্তাব সামনে এনেছে কেন্দ্র। এর আগে ২০২৬ সালের এপ্রিল মাসে আনা সংবিধানের ১৩১-তম সংশোধনী বিল লোকসভায় পাশ করাতে পারেনি সরকার। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সব রাজ্যের প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে বৃহত্তর রাজনৈতিক ঐকমত্য তৈরির চেষ্টা করা হচ্ছে। এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য ২০২৩ সালের ১০৬-তম সংবিধান সংশোধনী আইনে নির্ধারিত মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ কার্যকর করা। শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও (President Droupadi Murmu) একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদক্ষেপ করেছেন। সংবিধানের ১১৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী, ডিলিমিটেশন (দ্বিতীয়) বিলটি লোকসভায় বিবেচনার জন্য সুপারিশ করেছেন তিনি। দক্ষিণের পাঁচ রাজ্যেও বাড়বে আসন কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) সোশ্যাল মিডিয়া পোস্টে বিভিন্ন রাজ্যের সম্ভাব্য আসন বৃদ্ধির হিসাব তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, দেশের উত্তর কিংবা দক্ষিণ—প্রতিটি রাজ্যেরই সমান গুরুত্ব রয়েছে। উন্নয়নের সঙ্গে সঙ্গে প্রতিটি রাজ্যের প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখাও জরুরি।
সব রাজ্যেই লোকসভা আসন বাড়বে
দক্ষিণ ভারতের পাঁচটি রাজ্যে বর্তমানে লোকসভার মোট ১২৯টি আসন রয়েছে। ৮১৬ সদস্যের লোকসভায় তা বেড়ে ১৯৫ হতে পারে। বর্তমানে মোট আসনের ২৩.৭৬ শতাংশ দক্ষিণের পাঁচ রাজ্যের দখলে। নতুন প্রস্তাবে তা সামান্য বেড়ে ২৩.৯০ শতাংশ হতে পারে। দক্ষিণ ভারতের প্রতিটি রাজ্যেই আসন বাড়বে। একইসঙ্গে রাজ্যগুলির মধ্যে আপেক্ষিক প্রতিনিধিত্বের ভারসাম্যও বজায় রাখার চেষ্টা করা হয়েছে। বড় রাজ্যগুলিতেও উল্লেখযোগ্য আসন বৃদ্ধি নতুন প্রস্তাবে দেশের বড় রাজ্যগুলির আসন সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়বে। যেমন উত্তরপ্রদেশে বর্তমান ৮০টি আসন বেড়ে ১২০টি হতে পারে। মহারাষ্ট্রে ৪৮ থেকে বেড়ে ৭২, পশ্চিমবঙ্গে ৪২ থেকে বেড়ে ৬৩ এবং বিহারে ৪০ থেকে বেড়ে ৬০টি আসন হওয়ার প্রস্তাব রয়েছে। মধ্যপ্রদেশে ২৯ থেকে ৪৩, গুজরাটে ২৬ থেকে ৩৯ এবং রাজস্থানে ২৫ থেকে ৩৮টি আসন হতে পারে। ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রেও আসন বাড়ানোর প্রস্তাব রয়েছে। অরুণাচল প্রদেশ, গোয়া, মণিপুর, মেঘালয় ও ত্রিপুরায় ২টি থেকে বেড়ে ৩টি করে আসন হতে পারে। চণ্ডীগড়, মিজোরাম, নাগাল্যান্ড, পুদুচেরি ও সিকিমে ১টি থেকে বেড়ে ২টি আসন হওয়ার প্রস্তাব রয়েছে। দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ে ২টি আসনই থাকছে। অন্যদিকে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাদাখ এবং লাক্ষাদ্বীপে আসন সংখ্যা ১টিই থাকবে। মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ শুধু আসন বৃদ্ধি নয়, নতুন বিলের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ কার্যকর করা। ২০২৩ সালের ১০৬তম সংবিধান সংশোধনী আইনে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল। নতুন প্রস্তাবে তফসিলি জাতি (এসসি) ও তফসিলি জনজাতি (এসটি)-র জন্য সংরক্ষিত আসনগুলির মধ্যেও মহিলাদের এক-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা রয়েছে। প্রাথমিকভাবে এই সংরক্ষণ ১৫ বছরের জন্য কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে সর্বশেষ প্রকাশিত জনগণনার তথ্য ব্যবহার করা হবে। পাশাপাশি ভৌগোলিক সংযুক্তি, প্রাকৃতিক বৈশিষ্ট্য, প্রশাসনিক সীমানা, যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের সুবিধার মতো বিষয়গুলিও বিবেচনা করা হবে। এই কাজের জন্য কেন্দ্রীয় সরকার একটি তিন সদস্যের ডিলিমিটেশন কমিশন গঠন করবে। সুপ্রিম কোর্টের কোনও বর্তমান বা প্রাক্তন বিচারপতি এই কমিশনের চেয়ারম্যান হবেন। সংরক্ষিত আসনগুলির পর্যায়ক্রমিক পরিবর্তনের ব্যবস্থাও রাখা হবে। এছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংবিধানের ৫৪ ও ৫৫ নম্বর অনুচ্ছেদের অধীনে 'রাজ্য'-এর সংজ্ঞার মধ্যে জম্মু ও কাশ্মীরকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। বর্তমানে দিল্লি ও পুদুচেরির পাশাপাশি জম্মু ও কাশ্মীরকেও এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। বিল পাশ করাতে বিরোধীদের সমর্থনের আশায় কেন্দ্র রাজনৈতিক দিক থেকেও এই প্রস্তাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। আগামী সোমবার লোকসভার অধিবেশন শুরু হবে। এরপর ২ ডিসেম্বর থেকে বসবে রাজ্যসভার অধিবেশন। কেন্দ্রের সংশোধিত প্রস্তাবের প্রতি ডিএমকে এবং এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) সমর্থনের ইঙ্গিত দেওয়ায় লোকসভায় সরকারের অবস্থান কিছুটা শক্তিশালী হয়েছে। বর্তমানে এনডিএ-র সম্ভাব্য সাংসদ সংখ্যা প্রায় ৩২০ বলে হিসাব করা হচ্ছে। ডিএমকের ২২ জন এবং এনসিপি (শরদচন্দ্র পাওয়ার)-এর ৮ জন সাংসদের সমর্থন যোগ হলে সেই সংখ্যা বেড়ে প্রায় ৩৫০ হতে পারে। অর্থাৎ, আরও ৯ জন সাংসদের সমর্থন পেলে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় লক্ষ্যের কাছাকাছি পৌঁছে যাবে সরকার। বর্তমানে ৫৪৩ আসনের লোকসভায় পাঁচটি আসন শূন্য রয়েছে। ফলে সদস্য সংখ্যা ৫৩৮। স্পিকার-সহ সর্বোচ্চ ৫৩৯ জন অধিবেশনে উপস্থিত থাকতে পারেন। তবে স্পিকার সাধারণত প্রথমে ভোট দেন না। ভোটাভুটিতে সমতা তৈরি হলে তবেই তিনি নির্ণায়ক ভোট দিতে পারেন। তাই পূর্ণ উপস্থিতির ক্ষেত্রে ভোটদানে সক্ষম সদস্যের সংখ্যা হবে ৫৩৮। তাঁদের মধ্যে দুই-তৃতীয়াংশ সমর্থনের জন্য প্রয়োজন ৩৫৯টি ভোট। সংবিধানের ৩৬৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনও সংবিধান সংশোধনী বিল পাশ করাতে লোকসভার মোট সদস্যসংখ্যার সংখ্যাগরিষ্ঠ সমর্থনের পাশাপাশি উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। ফলে ভোটাভুটির সময় অনুপস্থিতি কিংবা ভোটদানে বিরত থাকার কারণে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ ভোটের হিসাব বদলে যেতে পারে। সব মিলিয়ে, লোকসভা ও বিধানসভায় আসন বৃদ্ধি, রাজ্যগুলির প্রতিনিধিত্বের ভারসাম্য বজায় রাখা এবং মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ—এই তিনটি বিষয়কে সামনে রেখেই নতুন সাংবিধানিক উদ্যোগ নিয়েছে কেন্দ্র। তবে প্রস্তাবটি বাস্তবে কার্যকর করতে সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনই এখন সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।












