
আজ সংসদ সচিবালয়ের পোর্টালে ডিলিমিটেশন বিল আপলোড করা হতে পারে। তেমনই জানাচ্ছে দিল্লির একটি সূত্র। এই বিলে লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে ৮৫০ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রাজ্যগুলির জন্য ৮১৫টি এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৩৫টি আসন রাখার কথা বলা হয়েছে। বর্তমানে লোকসভায় ৫৪৩টি আসন রয়েছে। গত ১৬ এপ্রিল, বিরোধীদের ভোটাভুটির দাবির পর লোকসভায় সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬, ডিলিমিটেশন বিল, ২০২৬ এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল, ২০২৬ পেশ করা হয়। বিলগুলির পক্ষে ২৫১টি এবং বিপক্ষে ১৮৫টি ভোট পড়েছিল।
এদিকে, সংসদের প্রস্তাবিত বিশেষ অধিবেশনে ডিলিমিটেশন যুক্ত মহিলা সংরক্ষণ বিল ফের পেশ করা হতে পারে বলেও জল্পনা বাড়ছে। এর ফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সংসদে নতুন করে সংখ্যার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। লোকসভায় শাসক জোটের প্রায় ৩২০ জন সাংসদ রয়েছেন, তবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা ডিএমকে, এনসিপি (শরদচন্দ্র পওয়ার) এবং ওয়াইএসআর কংগ্রেস পার্টির অবস্থানের ওপর নির্ভর করতে পারে।
লোকসভায় অনুমোদিত সদস্য সংখ্যা ৫৪৩। পাঁচটি আসন ফাঁকা থাকায় বর্তমান সদস্য সংখ্যা ৫৩৮। যদি ৫৩৮ জন সদস্যই উপস্থিত থেকে ভোট দেন, তবে সংবিধান সংশোধনী বিল পাস করাতে সরকারের ৩৫৯টি ভোটের প্রয়োজন হবে। অর্থাৎ এনডিএ-র ৩৯টি ভোট কম রয়েছে। তবে কতজন সাংসদ উপস্থিত থেকে ভোট দিচ্ছেন, তার ওপর ভিত্তি করে এই লক্ষ্যমাত্রা কমতে পারে। এনডিএ-র আনুমানিক ৩২০ জন সাংসদের মধ্যে বিজেপির ২৪১ জন এবং শরিক দলগুলির ৭৯ জন সাংসদ রয়েছেন।
বিজেপির শরিক দলগুলির মধ্যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ার (এনসিপিআই) ২০ জন, তেলেগু দেশম পার্টির (টিডিপি) ১৬ জন, শিবসেনার ১৩ জন, জনতা দল (ইউনাইটেড)-এর ১২ জন, লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) ৫ জন, রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) ২ জন, জনতা সেনা পার্টির (জেএসপি) ২ জন এবং জনতা দল (সেক্যুলার)-এর ২ জন সাংসদ রয়েছেন। এছাড়া এনসিপি, শিরোমণি আকালি দল, এজিপি, আজসু, আপনা দল (এস), হাম এবং এসকেএম-এর একজন করে সাংসদ রয়েছেন।
কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু গুরুত্বপূর্ণ সরকারি কাজ মেটাতে লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যানকে যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর অধিবেশন ডাকার অনুরোধ করেছেন। এরপর থেকেই ডিলিমিটেশন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
অধিবেশনের আগে মূল প্রশ্ন হল, এনডিএ কি অতিরিক্ত সমর্থন জোগাড় করে প্রয়োজনীয় সংখ্যা অর্জন করতে পারবে? নাকি বিরোধী সাংসদদের একাংশ ভোটদান থেকে বিরত থাকলে কম ভোটের সুবিধা পাবে সরকার?