Social Media Content: সময় মাত্র ৩ ঘণ্টা! সোশ্যাল মিডিয়ায় AI পোস্ট নিয়ে কড়া কমিশন

Saborni Mitra   | ANI
Published : Apr 19, 2026, 05:32 PM IST
ECI Mandates 3 Hour Takedown for Fake Social Media Content in Elections

সংক্ষিপ্ত

ECI: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়া নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে। জানানো হয়েছে, কোনও ভুয়ো বা বেআইনি পোস্ট নজরে আসার তিন ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে হবে। পাশাপাশি, AI দিয়ে তৈরি কন্টেন্টে স্পষ্ট করে তার উল্লেখ থাকতে হবে। 

সামনেই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচন। তার আগে সোশ্যাল মিডিয়া এবং AI দিয়ে তৈরি কনটেন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও কড়া করল ভারতের নির্বাচন কমিশন (ECI)। শনিবার কমিশন সাফ জানিয়ে দিয়েছে, ২০২৬ সালের নির্বাচনে কোনও বেআইনি পোস্ট নজরে আসার তিন ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলগুলিকে তা সরিয়ে ফেলতে হবে।

আপত্তিকর সোশ্যাল মিডিয়া পোস্ট

কমিশন জানিয়েছে, ১৫ই মার্চ থেকে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ১১,০০০-এর বেশি আপত্তিকর পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, C-Vigil অ্যাপের মাধ্যমে আসা ৩,১০,৩৯৩টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। এর মধ্যে ৯৬.০১% অভিযোগ ১০০ মিনিটেরও কম সময়ে সমাধান করা হয়েছে বলে জানানো হয়।

AI নিয়ে কড়া কমিশন

কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, "রাজনৈতিক দল, প্রার্থী এবং প্রচারের দায়িত্বে থাকা প্রতিনিধিদের নিশ্চিত করতে হবে যে, প্রচারের জন্য ব্যবহৃত যে কোনও সিন্থেটিক বা AI দিয়ে তৈরি কনটেন্টের ওপর 'AI-Generated', 'Digitally Enhanced' বা 'Synthetic Content' লেবেল লাগানো আছে। স্বচ্ছতা বজায় রাখতে এবং ভোটারদের বিশ্বাস অটুট রাখতে এর উৎস কী, সেটাও জানাতে হবে।"

ভুয়ো পোস্টে নজর

কমিশন আরও জানিয়েছে যে, আসাম, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে আদর্শ আচরণ বিধি (MCC) লঙ্ঘনকারী, আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে এমন বা ভুয়ো খবর ছড়ানো পোস্টগুলির ওপর কড়া নজর রাখা হচ্ছে। তথ্যপ্রযুক্তি আইনের অধীনে নিযুক্ত রাজ্যের নোডাল অফিসাররা এই বিষয়ে পদক্ষেপ করছেন।

কমিশন মনে করিয়ে দিয়েছে যে, প্রচারের জন্য তৈরি কোনও সিন্থেটিক কনটেন্টে অবশ্যই লেবেল লাগাতে হবে এবং ৪৮ ঘণ্টার সাইলেন্স পিরিয়ড বা নীরব প্রচারের সময়সীমা মেনে চলতে হবে।

৪৮ ঘণ্টা নিয়ে কড়়া কমিশন

কমিশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, "জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১২৬ নম্বর ধারা অনুযায়ী, ভোট শেষ হওয়ার আগের ৪৮ ঘণ্টা পোলিং এলাকায় কোনওরকম নির্বাচনী প্রচারমূলক বিষয় দেখানো নিষিদ্ধ। টেলিভিশন, রেডিও, প্রিন্ট এবং সোশ্যাল মিডিয়া সহ সমস্ত মাধ্যমকে এই নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে।"

সাধারণ নাগরিক, রাজনৈতিক দল এবং প্রার্থীরা ECINET-এর C-Vigil মডিউলের মাধ্যমে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে পারবেন বলেও কমিশন জানিয়েছে।

উল্লেখ্য, ১৫ই মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই আসাম, কেরল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে আদর্শ আচরণ বিধি চালু হয়েছে। আসাম, পুদুচেরি এবং কেরলে ৯ই এপ্রিল ভোটগ্রহণ হয়েছে। তামিলনাড়ুতে ভোট হবে ২৩শে এপ্রিল। পশ্চিমবঙ্গে ২৩ এবং ২৯শে এপ্রিল ভোটগ্রহণ হবে। সমস্ত অঞ্চলের ভোট গণনা হবে ৪ঠা মে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LPG Crisis: মধ্যপ্রাচ্যের আঁচ ভারতে, এক ধাক্কায় ১৩% কমল রান্নার গ্যাসের ব্যবহার
India's Gold Mine: সোনার বিশাল খনি পাওয়া গেল ভারতে, কত টন মজুত রয়েছে জানলে চমকে যাবেন