
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর সময় যাদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন। SIR শেষ হয়ে যাওয়া ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বাদ পড়া যোগ্য ভোটারদের পাশাপাশি নতুন ও প্রথমবারের ভোটারদের নাম তালিকায় তোলার জন্য বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, SIR চলাকালীন বা তার পরে যাদের নাম ভোটার তালিকায় ওঠেনি, তাঁরা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। এর জন্য Form 6 ব্যবহার করা যাবে। জেলা নির্বাচন আধিকারিক (DEO) এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন জানিয়েছে, বিহার ও পশ্চিমবঙ্গ-সহ ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই SIR-এর কাজ শেষ হয়েছে। সেখানে কোনও যোগ্য ভোটারের নাম বাদ পড়ে থাকলে বা নতুন কোনও ব্যক্তি ভোটার হিসেবে যোগ্য হয়ে থাকলে, নিয়মিত ভোটার তালিকা সংশোধন বা continuous updation প্রক্রিয়ায় নাম তোলার সুযোগ থাকবে।
SIR-এর সময় বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি নাম বাদ পড়েছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্য, এই সংখ্যা শুধুমাত্র খসড়া তালিকা থেকে বাদ যাওয়া নামের হিসাব। বাদ পড়া প্রত্যেক ব্যক্তি যে যোগ্য ভোটার এবং ভুলভাবে বাদ গিয়েছেন, এমনটা ধরে নেওয়া যায় না। গোয়ার ঘটনা সামনে রেখে বাদ পড়া ভোটারদের ফের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াতেও জোর দেওয়া হচ্ছে। কমিশনের তরফে জানানো হয়েছে, সেখানে বুথ লেভেল অফিসারদের (BLO) বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া ভোটারদের সঙ্গে যোগাযোগ করে Form 6 সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়ার ক্ষেত্রে ৯৭ জন ভোটারের নাম অন্তর্ভুক্তির জন্য যোগ্য বলে চিহ্নিত হয়েছিল। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের ক্ষেত্রে পৃথক যাচাইয়ের প্রয়োজন ছিল। এই ঘটনা SIR-এর পর যোগ্য ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় প্রশাসনিক উদ্যোগের গুরুত্ব সামনে এনেছে।
শুধু বাদ পড়া ভোটার নয়, ১৮ বছর বয়সে পৌঁছনো নতুন ভোটার এবং প্রথমবার ভোট দিতে চলা নাগরিকরাও এই প্রক্রিয়ায় নাম নথিভুক্ত করতে পারবেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটার তালিকা নিয়মিত আপডেট করা হয়। ফলে নতুন ভোটারদের নাম তোলার জন্য শুধুমাত্র কোনও নির্দিষ্ট সংশোধন পর্বের অপেক্ষা করতে হয় না। অর্থাৎ, SIR শেষ হয়ে গেলেও যোগ্য ভোটারদের জন্য ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দরজা খোলা থাকছে। নাম বাদ পড়ে থাকলে সংশ্লিষ্ট ERO-র কাছে Form 6-এর মাধ্যমে আবেদন করা যাবে।