
NEET UG 2026 Paper Leak: নিট ইউজি-র বাতিল হওয়া পরীক্ষা ফের আয়োজিত হবে ২১ জুন (neet ug 2026 paper leak)। তবে এবার আর নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে চাইছে না কেন্দ্রীয় সরকার। আগেরবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে (neet ug 2026 paper leak news)। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বিরাট বদনাম হয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেছেন কেউ কেউ। তাই আসন্ন নিট ইউজি-র পরীক্ষাকে কেন্দ্র করে এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।
দেশের মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র পাহারায় এবার সেনাবাহিনী। প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রক আগেই ঘোষণা করেছে যে, বায়ুসেনার তত্ত্বাবধানে প্রশ্নপত্র তৈরি হওয়ার পর, তা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, রি-এক্সামের দিন সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে আধা সেনা।
সূত্র মারফত জানা যাচ্ছে, প্রশ্নপত্র এবং উত্তরপত্র সুরক্ষিতভাবে নিরাপদ সেন্টারে পৌঁছে দেবে সিআরপিএফ এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স তথা সিআইএসএফ। হায়দরাবাদ এবং আহমেদাবাদের কেন্দ্র থেকে প্রায় ৫৫০-এর বেশি হাবে প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাঠাতে হবে। আর এই গোটা প্রক্রিয়ায় নজরদারি চালাবে আধা সেনা।
টু-লেয়ার নিরাপত্তা বলয়ের মাধ্যমে এবং সশস্ত্র আধিকারিকদের উপস্থিতিতে এই কাজ দ্রুত শেষ করা হবে। যাতে নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো যায়। সেইজন্য নির্দিষ্ট বিমানবন্দর, হেলিপ্যাড এবং অন্যান্য সবরকমের গণ-পরিবহণ ব্যবহার করতে পারবেন নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।
পাশাপাশি কোন কোন শহরের ঠিক কোন কেন্দ্র থেকে প্রশ্নপত্র বিতরণ করা হবে, সেই বিষয়টা নির্ধারণ করবে ভারতীয় বায়ুসেনা। সেই কারণে, ইতিমধ্যেই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে।
অন্যদিকে, কোন আধিকারিক কোথায় কীভাবে কাজ করবেন, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এনটিএ এবং ডাক বিভাগকেও জানিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ১১-১৯ জুনের মধ্যে পরীক্ষা সংক্রান্ত সমস্ত নথি নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছনোর কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।