
IndiGo Flight Bomb Threat:দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে চাঞ্চল্যকর ঘটনা। টেক-অফের ঠিক আগে একটি ইন্ডিগো বিমানে এল বোমা হামলার হুমকি। দিল্লি থেকে লখনউগামী ওই বিমানটি রানওয়েতে থাকা অবস্থাতেই হুমকির খবর আসতেই তৎক্ষণাৎ বিমানটিকে থামিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, নির্ধারিত টেক অফের মাত্র কয়েক মিনিট আগে এই হুমকি আসে। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট ও বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। ফলে নির্ধারিত সময় অনুযায়ী টেক-অফ বাতিল করা হয়। ঠিক যেন সিনেমার চিত্রনাট্য। রানওয়ে থেকে টেক অফে যাওয়ার সময়ই এল বোমা হুমকি। আর তারপরই তড়িঘড়ি বিমানটিকে থেকে সব যাত্রীদের নামিয়ে দেওয়া হল।
ঘটনার পরই দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বিমানটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলে শুরু হয় ব্যাপক তল্লাশি ও নিরাপত্তা পরীক্ষা। যাত্রীদের নিরাপদে রাখা হয় এবং প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় স্ক্রিনিং ও যাচাই-বাছাই করা হয় বলে জানা গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে। বোমা হুমকিটি আদৌ সত্যি নাকি এটি একটি ভুয়ো সতর্কতা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়ার খবর মেলেনি।
এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য দিল্লি বিমানবন্দরের স্বাভাবিক বিমান চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। যদিও কর্তৃপক্ষ পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, বিমান পরিবহণের মতো সংবেদনশীল ক্ষেত্রে এ ধরনের হুমকিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। তদন্ত শেষে পুরো ঘটনার প্রকৃত সত্য প্রকাশ পাবে বলে আশা করা হচ্ছে।