
Hyderabad Horror: হায়দরাবাদে চাঞ্চল্যকর ঘটনা। ডিউটিতে যাওয়ার পথে বেসরকারি বিমান সংস্থার এক কেবিন ক্রুকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল ক্যাবচালকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ২৩ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর (RGIA) সংলগ্ন এলাকায় ঘটেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা ৩৭ বছরের ওই মহিলা একটি বেসরকারি বিমান সংস্থার কেবিন ক্রু। গত ২০ জুলাই, সোমবার দুপুর প্রায় ২টা ৪০ মিনিট নাগাদ তিনি ডিউটিতে যোগ দিতে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। বিমান সংস্থার পক্ষ থেকেই তাঁর জন্য একটি ক্যাবের ব্যবস্থা করা হয়েছিল।
অভিযোগ, বিমানবন্দরের নির্ধারিত পথে যাওয়ার পরিবর্তে চালক আচমকাই গাড়ির রুট বদলে ফেলে। এরপর বিমানবন্দরের কাছেই একটি নির্মীয়মাণ প্রকল্পের পাশের নির্জন এলাকায় গাড়ি নিয়ে যায় সে। সেখানেই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর নির্যাতিতা পুলিশের দ্বারস্থ হন। তাঁর অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। দ্রুত তদন্তে নেমে অভিযুক্ত ২৩ বছরের ক্যাবচালককে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হয়েছে। কীভাবে চালক নির্ধারিত রুট পরিবর্তন করল, ঘটনার সময় অন্য কেউ সেখানে উপস্থিত ছিল কি না এবং পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনও তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আবারও অ্যাপ-ভিত্তিক ও বিমান সংস্থার ব্যবস্থাপনায় চলা ক্যাব পরিষেবায় মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে কর্মসূত্রে একা যাতায়াত করা মহিলা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন বলেই মনে করছেন অনেকেই। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।