
দীপাবলির দিন ফরোয়ার্ড এয়ারবেসে গিয়ে উৎসব পালন করলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফে জানানো হয়েছে, একেবারে ফ্রন্টলাইনে থাকা এয়ার ওয়ারিয়র ও অগ্নিবীরবায়ু জওয়ানদের সঙ্গেই এদিন সময় কাটান তিনি। এই সফরের সময় জওয়ানদের সঙ্গে কথা বলেন বায়ুসেনা প্রধান। উৎসবের দিনে পরিবার ছেড়ে দেশের আকাশপথ সুরক্ষিত রাখার জন্য তাঁদের কাজের প্রশংসাও করেন। পাশাপাশি সবার হাতে মিষ্টি তুলেও দেন তিনি।
এক্স (X) হ্যান্ডেলে এই সফরের কথা শেয়ার করেছে ইন্ডিয়ান এয়ার ফোর্স। সেখানে লেখা হয়েছে, “এয়ার ওয়ারিয়রদের সঙ্গে দীপাবলি উদযাপন চলছে। চিফ অফ দ্য এয়ার স্টাফ, এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত দীপাবলির দিনে ফ্রন্টলাইনে থাকা এয়ার ওয়ারিয়র ও অগ্নিবীরবায়ুদের সঙ্গে ফরোয়ার্ড এরিয়ার এয়ার ফোর্স স্টেশনে উৎসব পালন করেছেন।”
বায়ুসেনা আরও জানিয়েছে, “জওয়ানদের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি তাঁদের মিষ্টিমুখ করিয়েছেন। উৎসবের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই শুভ দিনে পরিবার থেকে দূরে থেকে দেশের আকাশ সুরক্ষিত রাখার জন্য তাঁদের অপরিসীম নিষ্ঠার প্রশংসা করেছেন তিনি। সবার আগে কর্তব্য়। তুলনাহীন প্রতিশ্রুতি।”
গত রবিবার এয়ার ফোর্স স্টেশনের প্যারেড গ্রাউন্ডে ২৯তম বায়ুসেনা প্রধান হিসেবে দায়িত্ব নেন এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত। সেখানে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। এর আগে নয়াদিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ৪২ বছরের দীর্ঘ ও সম্মানজনক সার্ভিসের পর অবসর নেওয়া এয়ার চিফ মার্শাল এপি সিং, পিএসএম, এভিএসএম-এর স্থলাভিষিক্ত হলেন তিনি। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির প্রাক্তনী এয়ার চিফ মার্শাল আশুতোষ দীক্ষিত ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিমে কমিশন লাভ করেন। বায়ুসেনার রিলিজ অনুযায়ী, চার দশকেরও বেশি সময়ের কেরিয়ারে অপারেশন, ফ্লাইট টেস্টিং, ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট এবং জয়েন্ট স্টাফ অ্যাসাইনমেন্টের মতো বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিশাল অভিজ্ঞতা রয়েছে।