
পুলওয়ামার বর্বরোচিত হামলার জবাব ভারত দিয়েছিল বালাকোটে বিমান হানার মাধ্যমে। তারপর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বজায় রয়েছে। এরমধ্যেই শুক্রবার বিকেলে পাকিস্তান থেকে আসা একটি জর্জিয়ান আন্তোনভ-১২ কার্গো বিমান ভারতীয় ভুখণ্ডের একটি অননুমোদিত আকাশ সীমায় ঢুকে পড়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। বিমানটিকে তাড়া করে বায়ুসেনার সুখোই ফাইটার জেট। অবশেষে জয়পুর বিমানবন্দরে মালবাহী বিমানটিকে নামতে বাধ্য করা হয়।
ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে জানানো হয়েছে পাকিস্তানের করাচি থেকে জর্জিয়ার ওই মালবাহী বিমানটি রওনা দিয়েছিল দিল্লির উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে হঠাত বিমানটি তার নির্দিষ্ট রথ থেকে সরে গিয়ে গুজরাতের উত্তরে একটি জায়গা দিয়ে ভারতে প্রবেশ করে। ওই এলাকাটি থেকে মাত্র ৭০ কিলোমিটার দক্ষিণেই, কচ্ছের রনে ভারতীয় বায়ুসেনার একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। তাই ওই এলাকার আকাশসীমায় বেসামরিক বিমানের প্রবেশাধিকার নেই।
#WATCH: Indian Air Force fighter jets force an Antonov AN-12 heavy cargo plane coming from Pakistani Air space to land at Jaipur airport. Questioning of pilots on. pic.twitter.com/esuGbtu9Tl
জয়পুরের নিকটবর্তী বায়ুসেনার ঘাঁটিগুলি থেকে সেনা আধিকারিকরা ইতিমধ্যেই জয়পুরে পৌঁছে গিয়েছেন। বিমানটির মালপত্র তল্লাশি করা হচ্ছে। সেই সঙ্গে বিমানকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন হঠাত করে বিমানটি নির্দিষ্ট পথ ছেড়ে সরে গেল, সেই প্রশ্নের উত্তরের খোঁজ চলছে।