গত ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কে সিজেপি-র বিক্ষোভের জেরে দলের তিন নেতার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল মুম্বই পুলিশ। সৌরভ দাসকে দিল্লি বিমানবন্দরে আটকানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে।
গত ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভের জেরে দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র ন্যাশনাল-কনভেনর অভিজিৎ ডিপকে এবং কো-কনভেনর আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিরুদ্ধে বৃহস্পতিবার লুকআউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশ। চলতি সপ্তাহের শুরুতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সৌরভ দাসকে বিদেশে যাওয়ার উড়ানে উঠতে বাধা দেওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।
প্রথমে সৌরভের বিরুদ্ধে লুকআউট নোটিশ
বৃহস্পতিবার আদালতে শুনানির সময় কেন্দ্রীয় সরকার বিচারপতি অমিত মহাজনকে জানায়, মহারাষ্ট্র পুলিশের বিশেষ অনুরোধেই সৌরভের বিদেশ যাত্রায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২৩ নভেম্বর রাতে অক্সফোর্ডের একটি প্যানেল ডিসকাশনে যোগ দিতে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে আটকে জানায় যে তাঁর পাসপোর্টে একটি অ্যাকটিভ অ্যালার্ট রয়েছে। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হন। কেন্দ্রীয় সরকারের হয়ে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা বেঞ্চকে জানান, রেকর্ড খতিয়ে দেখার সময় সৌরভের শিক্ষাগত যোগ্যতা, বাড়ির ঠিকানা এবং পৈতৃক পরিচয়ের তথ্যে বিস্তর অসঙ্গতি পাওয়া গেছে। এর ফলে তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এই নিষেধাজ্ঞার কড়া বিরোধিতা করে সৌরভের আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট অখিল সিব্বল সওয়াল করেন যে, বিমানবন্দরে পৌঁছনোর আগে তাঁর মক্কেলকে কোনও আগাম নোটিশ বা আইনি নথি দেওয়া হয়নি। ঠিক ফ্লাইটের আগেই একটি শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া হয়। কোনও নির্দেশিকা ছাড়া বা কারণ না দর্শিয়ে একজন নাগরিককে এভাবে আটকানোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন সিব্বল।
তিনি বলেন, ''ভ্রমণের কয়েক ঘণ্টা আগে দেওয়া শোকজ নোটিশের জবাব দেওয়ার কোনও সময় তাঁকে দেওয়া হয়নি। তাঁর কাছে বৈধ পাসপোর্ট ও ভিসা রয়েছে। বিদেশ ভ্রমণ তাঁর মৌলিক অধিকার, তাই তাঁকে এভাবে আটকানো যায় না।''
আবেদনকারীর আইনজীবী যখন লুকআউট সার্কুলারের কপি এবং ঠিক কী কী অভিযোগে তা জারি করা হয়েছে তা জানতে চান, তখন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান, চলতি শুনানিতে সরাসরি ওই নথি পেশ করা সম্ভব নয়। তবে আবেদনকারী চাইলে ওই সার্কুলারের বিরুদ্ধে আলাদাভাবে আইনি পদক্ষেপ করতেই পারেন।
গত ৩ অক্টোবর শিবাজি পার্ক থানায় মূল এফআইআর দায়ের করা হয়েছিল। সেখানে আয়োজকদের নাম উল্লেখ করা ছাড়াও ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১৮৯ (বেআইনি জমায়েত) এবং ২২৩ (সরকারি কর্মীর বৈধ নির্দেশ অমান্য করা) নম্বর ধারায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়।
















