
ডিরেক্টরেট জেনারেল ফর সিভিল অ্যাভিয়েশন (DGCA) সোমবার ডোমেস্টিক অর্থাৎ অভ্যন্তরীণ বিমান চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে। এই নতুন তালিকা ২৯ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। DGCA তার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যাত্রীদের পরামর্শ দিয়েছে যে, শেষ মুহূর্তে কোনও "অপারেশনাল এমার্জেন্সি"-র কারণে ফ্লাইটের সময় বদলালে, তাঁরা যেন সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইট দেখে নেন বা সরাসরি যোগাযোগ করেন।
রবিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Ministry of Civil Aviation) সিদ্ধান্ত নিয়েছে যে সোমবার, ২৩ মার্চ থেকে ডোমেস্টিক ফ্লাইটের ভাড়ার ওপর সাময়িক ঊর্ধ্বসীমা তুলে নেওয়া হবে। কয়েক মাস আগে বিমান পরিষেবার বাজারে অস্থিরতা সামাল দিতে সরকার এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল। মন্ত্রক একটি সরকারি আদেশের মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে এবং বলেছে যে বর্তমান পরিস্থিতিতে টিকিটের দামের ওপর বিধিনিষেধের আর প্রয়োজন নেই।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, "২০২৫ সালের ৬ ডিসেম্বর একটি চিঠির মাধ্যমে ইন্ডিগোর বিমান চলাচলে বড়সড় সমস্যার কারণে টিকিটের দামে অস্বাভাবিক বৃদ্ধি আটকানোর জন্য ডোমেস্টিক বিমান ভাড়ার ওপর একটি সাময়িক ঊর্ধ্বসীমা চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল যাত্রীদের স্বার্থ রক্ষা করা এবং সীমিত পরিষেবার সময়েও ভাড়া সাধ্যের মধ্যে রাখা।"
সরকারি বিজ্ঞপ্তিতে মন্ত্রক উল্লেখ করেছে যে, "বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, পরিষেবা আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে।" এই মূল্যায়নের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ডিসেম্বরে আরোপিত ভাড়ার ঊর্ধ্বসীমা "২০২৬ সালের ২৩ মার্চ থেকে তুলে নেওয়া হবে।" এই পদক্ষেপের ফলে বিমান সংস্থাগুলি আবার বাজারের চাহিদা ও জোগানের ভিত্তিতে টিকিটের দাম নির্ধারণ করতে পারবে।
তবে এই নিয়ম তুলে নিলেও, টিকিটের দাম নির্ধারণের বিষয়ে বিমান সংস্থাগুলিকে একটি স্পষ্ট নির্দেশ দিয়েছে মন্ত্রক। বলা হয়েছে, "ভাড়ার ঊর্ধ্বসীমা তুলে নেওয়ার পাশাপাশি, আমরা আবারও বলছি যে বিমান সংস্থাগুলিকে ভাড়ার ক্ষেত্রে শৃঙ্খলা মানতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। সংস্থাগুলিকে নিশ্চিত করতে হবে যে ভাড়া যেন যুক্তিযুক্ত, স্বচ্ছ এবং বাজারের পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে এবং যাত্রীদের স্বার্থ যাতে কোনওভাবে ক্ষতিগ্রস্ত না হয়।"
মন্ত্রক হুঁশিয়ারি দিয়েছে যে, উৎসবের মরসুমে বা অন্য কোনও কারণে "চাহিদা বাড়লে যদি কোনও সংস্থা অন্যায্যভাবে ভাড়া বাড়ায়, তবে তা গুরুতরভাবে দেখা হবে।" আরও বলা হয়েছে, “মন্ত্রক রিয়েল-টাইম ভিত্তিতে বিমান ভাড়ার প্রবণতার ওপর কড়া নজর রাখবে।”