
Howrah Delhi Train News: যাত্রী সুবিধার্থে এবার ভারতীয় রেল আরও একটি বড়সড় প্রকল্পে ছাড়পত্র দিল। হাওড়া-দিল্লি রুটে যাত্রীদের চাপ কমাতে কিউল থেকে ঝাঝা পর্যন্ত ৫৪ কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন তৈরি করা হবে। এর জন্য খরচ হবে ৯৬২ কোটি টাকা। এই অত্যন্ত ব্যস্ত রুটে ট্রেনের যাতায়াত আরও মসৃণ করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। এই প্রকল্পটি ভারতীয় রেলের অন্যতম ব্যস্ত নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে পূর্ব ও উত্তর ভারতে যাত্রী ও মালবাহী—দুই ধরনের ট্রেন চলাচলই আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই নতুন তৃতীয় লাইনের ফলে হাওড়া-দিল্লির মতো ব্যস্ত রুটে ট্রেন চালানোর ক্ষমতা অনেকটাই বাড়বে। ট্রেন সময়মতো চলবে এবং পরিষেবা আরও ভালো হবে। তিনি আরও বলেন, ‘’এই অতিরিক্ত লাইনের ফলে যাত্রী ও মালবাহী ট্রেনগুলো বিনা বাধায় যাতায়াত করতে পারবে। এর পাশাপাশি, এই অঞ্চলের শিল্প ও বাণিজ্যের উন্নতিতেও সাহায্য করবে।''
বর্তমানে কিউল ও ঝাঝার মধ্যে যে ডাবল লাইনটি রয়েছে, তার ওপর ক্ষমতার চেয়ে অনেক বেশি চাপ রয়েছে। আগামী বছরগুলোতে এই রুটে ট্রেনের চাহিদা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। তাই পরিকাঠামো বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ফলে নতুন রুট করতে ছাড়পত্র দিল কেন্দ্রীয় রেলমন্ত্রক। নয়া এই প্রস্তাবিত ৫৪ কিলোমিটার দীর্ঘ তৃতীয় লাইন তৈরি হলে লাইনের ক্ষমতা অনেকটাই বাড়বে, ভিড় কমবে এবং যাত্রী ও মালবাহী ট্রেন আরও সহজে যাতায়াত করতে পারবে।
এই প্রকল্পের ফলে পাটনা ও কলকাতার মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে। পাশাপাশি, উত্তর ও পূর্ব ভারতের বড় শিল্প এবং লজিস্টিক হাবগুলোতে মালপত্র পাঠানো সহজ হবে। শুধু তাই নয়, এই রুটটি কলকাতা/হলদিয়া বন্দরের সঙ্গে রাক্সল/নেপালের সংযোগ রক্ষা করে। বারহ এসটিপিপি, জওহর এসটিপিপি এবং বীরগঞ্জ আইসিডি-র মতো বড় শিল্প সংস্থাগুলোর মালপত্রও এই পথেই যাতায়াত করে।
ভারতীয় রেল এই অংশটিকে 'অত্যন্ত ব্যস্ত নেটওয়ার্ক করিডোর' হিসেবে চিহ্নিত করেছে। এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের চাহিদা দিন দিন বাড়ছে। তাই এই প্রকল্পটি যাত্রী ও মালবাহী ট্রেন চলাচলের জন্য একটি দীর্ঘমেয়াদী সমাধান দেবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এবং লাইনের ক্ষমতা বাড়ায় মালপত্র পরিবহন আরও দ্রুত হবে। এবং যানজট কমবে। পূর্ব ও উত্তর ভারতের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রগুলোর মধ্যে রেল পরিষেবা আরও নির্ভরযোগ্য হয়ে উঠবে সবার কাছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।