
ভারত ও জাপানের মধ্যে চলছে যৌথ বায়ুসেনা মহড়া 'বীর গার্ডিয়ান-২০২৬'। ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এবং জাপানের এয়ার সেলফ-ডিফেন্স ফোর্সের (JASDF) চিফ অফ স্টাফ জেনারেল তাকেহিরো মোরিতা রবিবার যোধপুর এয়ারফোর্স স্টেশন থেকে তেজস যুদ্ধবিমান ওড়ালেন।
দুই দেশের বায়ুসেনা প্রধানকে মহড়ায় অংশ নেওয়ার আগে নিজেদের যুদ্ধবিমানের দিকে হেঁটে যেতে দেখা যায়। ভারত ও জাপানের প্রথম সারির ফাইটার জেটগুলো এই মহড়ায় অংশ নিয়েছে।
ভারতীয় বায়ুসেনা (IAF) দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট (LCA) তেজস, সুখোই-৩০ এমকেআই (Su-30MKI) এবং রাফাল যুদ্ধবিমান নিয়ে এই মহড়ায় দাপট দেখাচ্ছে। অন্যদিকে, জাপানের বায়ুসেনা তাদের এফ-২এ (F-2A) ফাইটার জেট নিয়ে এই মহড়ায় নেমেছে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত ১০ সেপ্টেম্বর এই মহড়াকে ভারত-জাপান প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে একটি "বড় মাইলফলক" বলে উল্লেখ করেছিলেন। তিনি যোধপুরে আয়োজিত এই 'বীর গার্ডিয়ান' মহড়ায় জাপানের যুদ্ধবিমান পাঠানোকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।
তিনি এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টে জানান, জাপানের ফাইটার জেটের এই প্রথম ভারত সফর আসলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক আস্থারই প্রমাণ। তিনি গত মাসে নয়াদিল্লিতে জাপানের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তাঁর "অত্যন্ত ফলপ্রসূ আলোচনার" কথাও মনে করিয়ে দেন। তিনি জানান, 'বীর গার্ডিয়ান'-এর মতো মহড়া দুই দেশের বোঝাপড়াকে আরও মজবুত করবে।
ভারতীয় বায়ুসেনা এর আগে ৮ সেপ্টেম্বর 'বীর গার্ডিয়ান ২০২৬' মহড়ার জন্য জাপানের এফ-২ ফাইটার জেটগুলোকে স্বাগত জানায়।
ভারতীয় বায়ুসেনা এই যৌথ মহড়া শুরুর কথা ঘোষণা করে এর কৌশলগত উদ্দেশ্যের কথা তুলে ধরে। বায়ুসেনার মিডিয়া কোঅর্ডিনেশন সেন্টার এক্স হ্যান্ডেলে লেখে, "যোধপুরের আকাশে এখন হাই-ভোল্টেজ অ্যাকশন দেখার অপেক্ষা। ভারতীয় বায়ুসেনা বীর গার্ডিয়ান মহড়ার জন্য জাপানের এফ-২ বিমানগুলোকে স্বাগত জানাচ্ছে। এর ফলে দুই দেশের দক্ষতা ও বোঝাপড়া আরও বাড়বে এবং ভারত-জাপান প্রতিরক্ষা সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছবে।"
প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, "যোধপুর এয়ারফোর্স স্টেশনে ভারত ও জাপানের বায়ুসেনার মধ্যে 'বীর গার্ডিয়ান-২০২৬' মহড়া শুরু হবে। এটি ২২ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে।"
দুই দেশের বায়ুসেনার জওয়ানরা চোদ্দো দিনের এই মহড়ায় বেশ কিছু অ্যাডভান্সড অপারেশনাল মিশনে অংশ নেবেন। পাশাপাশি পেশাদার স্তরে মতবিনিময়ও চলবে।