ISRO Privatisation: কেন্দ্রের সিদ্ধান্তে সিঁদুরে মেঘ? ইসরো চেয়ারম্যানকে চিঠি কর্মচারী ইউনিয়নগুলির

Published : Sep 06, 2026, 02:57 PM IST
ISRO Privatisation: কেন্দ্রের সিদ্ধান্তে সিঁদুরে মেঘ? ইসরো চেয়ারম্যানকে চিঠি কর্মচারী ইউনিয়নগুলির

সংক্ষিপ্ত

ISRO Privatisation: IN-SPACe চেয়ারম্যানের একটি মন্তব্যের পরেই, ইসরোর বেসরকারিকরণ নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করেছে। ইসরোর নয়টি কর্মচারী সংগঠন চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানতে চেয়েছে, সত্যিই কি রকেট তৈরি এবং উৎক্ষেপণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি বেসরকারি হাতে তুলে দেওয়া হবে? এই বিষয়ে সরকারের নীতি কী, তা স্পষ্ট করার দাবি জানিয়েছে তারা।

ISRO Privatisation: GSLV F17 - EOS 05 মিশন সফলভাবে উৎক্ষেপণের ঠিক কয়েকদিন পরেই, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO)-এর বিভিন্ন কেন্দ্রের কর্মী সংগঠনগুলি একজোট হয়েছে। ইসরোর উৎপাদন এবং পরিচালনা সংক্রান্ত কাজগুলি বেসরকারি হাতে তুলে দেওয়ার বিষয়ে সরকারি নীতি কী, তা জানতে চেয়ে তারা ডিপার্টমেন্ট অফ স্পেসের সচিব তথা ইসরো চেয়ারম্যান ভি নারায়ণনকে একটি চিঠি পাঠিয়েছে।

বেসরকারিকরণ নিয়ে মন্তব্যে উদ্বেগ

৪ সেপ্টেম্বর, ২০২৬-এ লেখা একটি যৌথ চিঠিতে নয়টি সংগঠন রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছে। তার মধ্যে রয়েছে ইসরো স্টাফ অ্যাসোসিয়েশন, শার এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ইসাক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ইসরো স্টাফ অ্যাসোসিয়েশন এলপিএসসি, ইসরো স্টাফ অ্যাসোসিয়েশন-বিবিইউ, এনআরএসএ এমপ্লয়িজ ইউনিয়ন, স্পেস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন-বিবিইউ, ইসরো স্টাফ অ্যাসোসিয়েশন-আইপিআরসি এবং স্যাক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের চিন্তার প্রধান কারণ হল, ইসরোর বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ বেসরকারি সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত উদ্যোগের হাতে তুলে দেওয়ার প্রস্তাব।

Aerospace Engineering: কৃত্রিম উপগ্রহ-উৎক্ষেপণ যান সবই বানাবে বেসরকারি কোম্পানি! মোদীর নীতিতে ভুগবে ইসরো? নাকি খুলবে নতুন দিগন্ত

চিঠিতে IN-SPACe-এর চেয়ারম্যান পবন কুমার গোয়েঙ্কার একটি মন্তব্যের উল্লেখ করা হয়েছে। গত ২১ অগাস্ট, ২০২৬-এ একটি সামিটে তিনি বলেছিলেন, "একটা সময়ে গিয়ে ইসরো আর কোনও লঞ্চ ভেহিকেল তৈরি করবে না। সেই কাজগুলো বেসরকারি সংস্থা বা রাষ্ট্রায়ত্ত সংস্থা করবে।"

কর্মী সংগঠনগুলি আরও জানিয়েছে, বিভিন্ন রিপোর্ট অনুযায়ী:

  • SSLV প্রযুক্তি এবং উৎপাদনের অধিকার হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-কে দিয়ে এই হস্তান্তর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।
  • পরবর্তীতে PSLV এবং LVM3-ও একইভাবে হস্তান্তর করার প্রস্তাব রয়েছে।
  • রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে হয়ত এই হস্তান্তর প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হতে পারে।
  • সাধারণ স্যাটেলাইট তৈরির কাজও ইসরোর বাইরে চলে যাবে।
  • কুলাসেকারাপট্টিনামের নতুন স্পেস লঞ্চ কমপ্লেক্সের পরিচালনার দায়িত্বও বেসরকারি সংস্থার জন্য খুলে দেওয়া হচ্ছে।
  • ইতিমধ্যেই প্রায় ১২০টি প্রযুক্তি ইসরো থেকে বেসরকারি ক্ষেত্রে হস্তান্তর করা হয়েছে।

ইউনিয়নগুলির বক্তব্য, এই সব খবর সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলেও, ডিপার্টমেন্ট অফ স্পেসের তরফে কর্মীদের কাছে কোনও সরকারি বিজ্ঞপ্তি দিয়ে এই নীতির আইনি ভিত্তি, পর্যায়ক্রম বা কর্মীদের উপর এর প্রভাব সম্পর্কে কিছুই জানানো হয়নি।

ভূমিকম্পের তীব্রতায় ভেনেজুয়েলায় মাটি ২ ফুট সরেছে, ইসরো ও নাসার উপগ্রহের তোলা ছবিতে ধরা পড়ল

কর্মী এবং দেশের সুরক্ষায় প্রভাব

চিঠিতে বলা হয়েছে, জনগণের টাকায় ইসরোকে একটি জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। রকেট ডিজাইন, তৈরি, পরীক্ষা এবং উৎক্ষেপণ নিছক "উৎপাদনের চুক্তি" নয়, এটি দেশের মূল দক্ষতা এবং কৌশলগত ক্ষমতার পরিচায়ক।

তাদের আশঙ্কা:

  • রকেট ও স্যাটেলাইট তৈরি থেকে সরে এলে সংস্থার অভ্যন্তরীণ কাজ কমে যাবে, নতুন পদ তৈরি বন্ধ হবে এবং পদোন্নতির সুযোগও আটকে যাবে।
  • যে কর্মীরা এখন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কাজ করছেন, তারা হয়তো উদ্বৃত্ত হয়ে পড়বেন বা তাদের হাতে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকবে না। অথচ একই কাজ বাইরে থেকে কন্ট্রাক্টর দিয়ে করানো হবে।
  • গ্রুপ এ, বি এবং সি পদে নিয়মিত নিয়োগ আরও কমে যাবে।
  • যেসব পরিবার ইসরোর চাকরির স্থিতিশীলতার উপর নির্ভর করে জীবন পরিকল্পনা করেছে, তারা অনিশ্চয়তার মধ্যে পড়বে।
  • মূল কাজগুলি যদি সরকারি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে দেশের কৌশলগত স্বনির্ভরতা, গুণমান এবং সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়তে পারে।

বিরোধিতা নয়, স্বচ্ছতা চাই

ইউনিয়নগুলি স্পষ্ট করে দিয়েছে যে, তারা ভারতীয় শিল্পের বিরোধী নয় বা NSIL-এর মাধ্যমে বাণিজ্যিকীকরণের বিরুদ্ধেও নয়। তাদের আসল উদ্বেগ হল, এমন কোনও সরকারি নীতিপত্রের অভাব যা বেসরকারি অংশগ্রহণকে উৎসাহিত করা এবং ইসরোর নিজস্ব ক্ষমতাকে খর্ব করার মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টানবে।

সংগঠনগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটি বিষয়ে লিখিত বেশ কয়েকতি বিষয়ে স্পষ্ট ধারণা চেয়েছে।

  • IN-SPACe চেয়ারম্যানের মন্তব্য কি ভারত সরকারের অনুমোদিত সিদ্ধান্ত, নাকি শুধুই IN-SPACe-এর প্রচারমূলক দৃষ্টিভঙ্গি?
  • ইসরোর ভবিষ্যৎ ভূমিকা কী হবে? PSLV, LVM3, SSLV এবং পরবর্তী রকেটগুলি কি ইসরোর অধীনেই থাকবে?
  • PSLV/LVM3 হস্তান্তরের প্রক্রিয়া থেকে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে কি বাদ দেওয়া হয়েছে? যদি হয়, তবে কেন?
  • আগামী ৫-১০ বছরে কর্মী নিয়োগ, শূন্যপদ এবং পদোন্নতির উপর এর কী প্রভাব পড়বে?
  • বর্তমান কর্মীদের স্বার্থ সুরক্ষিত রাখতে কী ব্যবস্থা নেওয়া হবে?
  • সরকারি খরচে তৈরি প্রযুক্তি, পরিকাঠামো এবং লঞ্চ কমপ্লেক্সগুলি কোন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার অধীনে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে? এক্ষেত্রে NSIL এবং IN-SPACe-এর ভূমিকা কী?
  • কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কি কর্মী সংগঠনগুলির সঙ্গে আলোচনা করা হবে?

অবিলম্বে পদক্ষেপের আর্জি

তারা চেয়ারম্যানের কাছে আর্জি জানিয়েছে যে, তিনি যেন একটি সরকারি লিখিত স্পষ্টীকরণ জারি করেন, কর্মী সংগঠনগুলিকে আশ্বস্ত করেন যে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের জানানো হবে এবং স্বীকৃত সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসেন। পাশাপাশি, কর্মীদের চাকরির শর্ত এবং স্থিতি সুরক্ষিত থাকবে, এই বিষয়েও আশ্বাস দেওয়ার অনুরোধ করা হয়েছে। চিঠির শেষে এম প্রসাদ (SEA-SDSC), শশীকুমার বি (ISAC EA), শরৎকুমার ভিএস (ISRO SA), শিরিষ বালু ঘারদে (SEWA-SAC) সহ নয়জন সাধারণ সম্পাদক ও সভাপতির সই করা চিঠিতে বলা হয়েছে, “আমরা এই চিঠি একটি গঠনমূলক এবং গণতান্ত্রিক মনোভাব নিয়ে জমা দিচ্ছি। ইসরো এবং দেশের মহাকাশ কর্মসূচির প্রতি আমাদের আনুগত্য নিয়ে কোনও প্রশ্ন নেই। আর সেই আনুগত্যের কারণেই আমরা মনে করি, কোনও অনিশ্চয়তা পাকাপাকি নীতিতে পরিণত হওয়ার আগেই স্বচ্ছতা দাবি করা আমাদের কর্তব্য।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DA Hike: বেতন বাড়ছে ৮৫ হাজার সরকারি কর্মীর! ৪২ শতাংশ থেকে একলাফে ৬০ শতাংশ মহার্ঘ ভাতা দেবে সরকার
Nepal Floods: নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ১৩৩১ পার, উদ্ধারে হাত লাগাল ভারতও