
Karnataka News: জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে কর্ণাটকে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা এবং পান মশলার উৎপাদন, মজুত, বিতরণ, পরিবহণ ও বিক্রি নিষিদ্ধ করল রাজ্য সরকার। এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য কার্যকর থাকবে। কর্ণাটক রাজ্য খাদ্য নিরাপত্তা কমিশনারের ১৫ জুন, ২০২৬-এর বিজ্ঞপ্তিতে এই নির্দেশ জারি করা হয়েছে। Food Safety and Standards Act, 2006-এর ৩০(২)(a) ধারা এবং Food Safety and Standards (Prohibition and Restrictions on Sales) Regulations, 2011-এর Regulation 2.3.4 অনুযায়ী এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, তামাক বা নিকোটিনযুক্ত গুটখা ও পান মশলার পাশাপাশি এমন যে কোনও পণ্য নিষিদ্ধ করা হয়েছে, যা চূড়ান্ত পণ্যে তামাক বা নিকোটিন ধারণ করে—পণ্যের নাম বা ব্র্যান্ড যাই হোক না কেন।
শুধু তৈরি বা প্যাকেটজাত পণ্য নয়, খোলা অবস্থায় থাকা পণ্যের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। একইভাবে, তামাক বা নিকোটিনযুক্ত উপাদান আলাদা আলাদা প্যাকেটে বিক্রি হলেও, সেগুলি এমনভাবে বাজারজাত করা হলে যাতে ক্রেতা সহজেই মিশিয়ে নিতে পারেন, সেই বিক্রিও নিষেধাজ্ঞার আওতায় পড়বে। বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বলা হয়েছে, সাচে, পাউচ, প্যাকেট, কন্টেনার বা অন্য কোনও নামে তামাক ও নিকোটিনযুক্ত গুটখা-পান মশলা বাজারজাত করা যাবে না। অর্থাৎ, কর্নাটকে আগামী এক বছর এই ধরনের পণ্যের উৎপাদন থেকে শুরু করে মজুত, সরবরাহ, পরিবহণ এবং বিক্রি—সবই নিষিদ্ধ থাকবে। রাজ্য সরকারের তরফে জনস্বাস্থ্যের উপর তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাবের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। বেঙ্গালুরুর খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন দফতরের কমিশনারের পক্ষ থেকেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গেও বিগত সরকারের আমলে গুটখা নিষিদ্ধ করা হয়েছিল। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়েছিল। রাজ্যের বর্তমান সরকার সেই নিষেধাজ্ঞা বহাল রাখতে পারে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।