Kedarnath Dham: বুধবার বন্ধ হচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা, বিগ্রহ নামিয়ে আনা হবে উখীমঠে

Published : Nov 10, 2026, 09:46 PM IST
Kedarnath Dham

সংক্ষিপ্ত

Kedarnath Dham Portals: প্রতি বছর দীপাবলির (Diwali 2026) পর বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দিরের দরজা। বিশেষ শোভাযাত্রার মাধ্যমে বিগ্রহ নামিয়ে আনা হয় উখীমঠে (Ukhimath)। ছয় মাস সেখানেই পুজো চলে। তারপর আবার অক্ষয় তৃতীয়ায় খুলে যায় কেদারনাথ মন্দিরের দরজা। বুধবার ছয় মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা।

Kedarnath Temple: শীতের মরসুমের জন্য বুধবার বন্ধ হয়ে যাচ্ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) বিশ্ববিখ্যাত কেদারনাথ ধামের দরজা। তার আগে মঙ্গলবার মন্দিরে প্রবেশ করেছে বাবা কেদারের চল বিগ্রহ উৎসব ডোলি বা শোভাযাত্রার পালকি। বুধবার সকালে নির্ধারিত শুভক্ষণে প্রথাগত ধর্মীয় আচার ও রীতি মেনে আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা। এর মধ্য দিয়েই চলতি বছরের বার্ষিক কেদারনাথ যাত্রার সমাপ্তি ঘটবে। মন্দির বন্ধের অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি জোরদার করেছে রুদ্রপ্রয়াগ (Rudraprayag) জেলা প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে কেদারনাথ ধামে পৌঁছেছেন জেলাশাসক বিশাল মিশ্র। তিনি বিভিন্ন ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। তীর্থযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পানীয় জল, বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, থাকার ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি পুণ্যার্থীদের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং যাতায়াত ব্যবস্থা সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে পুলিশ। স্বাস্থ্য, বিপর্যয় মোকাবিলা, পূর্ত দফতর এবং পুরসভার মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলিকেও সতর্ক রাখা হয়েছে। অনুষ্ঠান যাতে সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে সব দফতরের সঙ্গে সমন্বয় রেখে প্রস্তুতির কাজ খতিয়ে দেখছে জেলা প্রশাসন।

৬ মাস পুজো চলবে উখীমঠে

কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হওয়ার পর বাবা কেদারের উৎসবের পালকি নিয়ে যাওয়া হবে উখীমঠের (Ukhimath) ওঙ্কারেশ্বর মন্দিরে (Omkareshwar Temple)। আগামী প্রায় ছয় মাস সেখানেই চলবে শীতকালীন পুজো। অক্ষয় তৃতীয়ার দিন ফের কেদারনাথ মন্দিরের দরজা খোলা হলে বিগ্রহকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরে।

শীতকালীন তীর্থযাত্রার প্রস্তুতি

এদিকে, শীতকালীন তীর্থযাত্রার প্রস্তুতিও শুরু করে দিয়েছে রুদ্রপ্রয়াগ জেলা প্রশাসন। জেলাশাসক বিশাল মিশ্র আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, শীতের মরসুমে উখীমঠে আসা পুণ্যার্থীদের জন্য পর্যাপ্ত পরিষেবা ও প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে। শীতকালীন যাত্রা প্রসঙ্গে বিশাল মিশ্র বলেন, ‘১১ নভেম্বর সকালে কেদারনাথ ধামের দরজা বন্ধ হওয়ার মধ্য দিয়ে বার্ষিক তীর্থযাত্রার সমাপ্তি ঘটবে। এরপরই শুরু হবে শীতকালীন তীর্থযাত্রা।’ তিনি আরও জানান, শীতকালে শ্রীকেদারনাথ ধামের পালকি উখীমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে নিয়ে আসা হয়। এরপর থেকেই সেখানে পুণ্যার্থীরা দর্শন ও পুজো দিতে আসেন। তাঁর কথায়, ‘গত কয়েক বছরে শীতকালীন তীর্থযাত্রাকে ঘিরে মানুষের উৎসাহ অনেকটাই বেড়েছে। বহু মানুষ এই সময় মন্দিরে এসে পুজো দেন।’ অর্থাৎ, উচ্চ পার্বত্য অঞ্চলে কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হলেও ভক্তদের জন্য পুজো ও দর্শনের ব্যবস্থা চালু থাকবে উখীমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Sonia Gandhi Book: আন্না হাজারের আন্দোলনের নেপথ্যে ছিল বিজেপি ও আরএসএস, দাবি সোনিয়া গান্ধীর
Bulgaria Highway Accident: কুয়াশার চাদরে ঢেকে মৃত্যুপুরী হাইওয়ে, পরপর ধাক্কা ৮৬ গাড়ির! বুলগেরিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় হত ১২