
Spa Employee Assaulted:কেরলের থিরুভাল্লায় চাঞ্চল্যককর ঘটনা। পাঠানামথিট্টা জেলার থিরুভাল্লায় এক স্পা কর্মীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে মূল অভিযুক্ত সুবিন আলেকজান্ডার ওরফে 'মরণ সুবিন' যিনি কেরালা অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট (KAAPA)এর অধীনে তালিকাভুক্ত এক দাগি অপরাধী। ঘটনায় মোট ৬ জন অভিযুক্তের জড়িত থাকার অভিযোগ উঠেছিল। তারা দীর্ঘদিন ধরেই ওই স্পায় যাতায়াত করে 'গুন্ডা ট্যাক্স' বা প্রোটেকশন মানির নামে তোলা দাবি করছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন স্পা মালিকের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। স্পা মালিক (ত্রিশূরের বাসিন্দা এক মহিলা) টাকা দিতে অস্বীকার করলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
গত পয়লা ফেব্রুয়ারি দুপুর সাড়ে ৩টা নাগাদ থিরুভাল্লার মানজাদি এলাকায় অবস্থিত একটি স্পায় এই ঘটনা ঘটে। অভিযোগ, ছুরি দেখিয়ে স্পা কর্মীকে ভয় দেখানো হয়, জোর করে পাশের ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। অভিযুক্তরা ওই ঘটনার ভিডিও করে, সেলফিও তোলে বলে অভিযোগ। পাশাপাশি, স্পায় উপস্থিত অন্যদেরও মারধর করা হয় এবং ক্যাশ কাউন্টার থেকে আড়াই হাজার টাকা লুট করা হয়।
পুলিশ ইতিমধ্যেই মূল অভিযুক্ত সুবিন আলেকজান্ডার (প্রায় ৩০ বছর বয়সি) ও তার একাধিক সহযোগীকে গ্রেফতার করে রিমান্ডে পাঠিয়েছে। অভিযুক্তদের মধ্যে বার্লিন দাসের নামও উঠে এসেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। সুবিনের বিরুদ্ধে এর আগেও খুনের চেষ্টা, মারধর-সহ একাধিক গুরুতর মামলা রয়েছে।