ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক বড় পদক্ষেপ। রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সফলভাবে পরীক্ষা করা হল আদানি ডিফেন্সের তৈরি নতুন অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম ‘বাঘিরা AT1’। ৮ কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের সাঁজোয়া যানকে নিশানা করার ক্ষমতা রয়েছে এই মিসাইলের। শুধু দিনে নয়, রাতেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই অস্ত্র।
ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে আরও এক বড় পদক্ষেপ। রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে সফলভাবে পরীক্ষা করা হল আদানি ডিফেন্সের তৈরি নতুন অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম ‘বাঘিরা AT1’। ৮ কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের সাঁজোয়া যানকে নিশানা করার ক্ষমতা রয়েছে এই মিসাইলের। শুধু দিনে নয়, রাতেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই অস্ত্র। বিশেষত্ব হল, শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিংয়ের মোকাবিলা করার জন্য এতে ব্যবহার করা হয়েছে লেজার বিম-রাইডিং প্রযুক্তি। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের তৈরি বাঘিরা AT1 একটি গাড়িতে বহনযোগ্য অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল সিস্টেম। প্রায় ১৮ মাস ধরে নকশা ও প্রযুক্তিগত উন্নয়নের পর এই অস্ত্র তৈরি করেছে সংস্থা। ভারতের ভূপ্রকৃতি, আবহাওয়া এবং সেনাবাহিনীর অপারেশনাল প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি হয়েছে গোটা ব্যবস্থা।
একটি বিশেষ 4x4 হাই-মোবিলিটি সাঁজোয়া গাড়ির উপর বসানো হয়েছে স্বয়ংক্রিয় মিসাইল লঞ্চার, ডে-সাইট এবং নাইট-সাইট। রয়েছে থার্মাল ইমেজিং প্রযুক্তিও। ফলে অন্ধকারেও শত্রুর অবস্থান চিহ্নিত করে আঘাত হানতে পারবে এই সিস্টেম।
৮ কিলোমিটার দূর থেকেই ট্যাঙ্কে আঘাত
বাঘিরা AT1-এর অন্যতম বড় শক্তি এর পাল্লা। সংস্থার দাবি, সর্বোচ্চ ৮ কিলোমিটার দূরের সাঁজোয়া লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এই মিসাইল। স্থলভিত্তিক প্রচলিত অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলের প্রায় ৪ কিলোমিটার পাল্লার তুলনায় এটি দ্বিগুণ। অর্থাৎ, শত্রুর ট্যাঙ্কের সরাসরি নাগালের বাইরে থেকেও আক্রমণ চালানোর সুযোগ পেতে পারে সেনাবাহিনী। তবে চূড়ান্ত কার্যক্ষমতা ও সেনাবাহিনীর ব্যবহারের উপযোগিতা মূল্যায়নের বিষয়টি এখনও বাকি।
জ্যামিং করেও আটকানো কঠিন!
আধুনিক যুদ্ধে ড্রোন ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের গুরুত্ব ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে বাঘিরা AT1-এ ব্যবহার করা হয়েছে Laser Beam Riding Guidance প্রযুক্তি। সাধারণ রেডিও লিঙ্কের উপর নির্ভর না করে লেজার বিম অনুসরণ করে লক্ষ্যের দিকে এগিয়ে যায় মিসাইলটি। আদানির দাবি, এই প্রযুক্তির কারণে শত্রুপক্ষের ইলেকট্রনিক জ্যামিংয়ের বিরুদ্ধে মিসাইলটি অনেক বেশি প্রতিরোধী।
একই লক্ষ্যে পরপর দুটি মিসাইল
বাঘিরা AT1-এর আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল Tandem Missile Firing। একই লক্ষ্যবস্তুর দিকে দ্রুত পরপর দুটি মিসাইল ছোড়া সম্ভব। প্রথম মিসাইলটি শত্রুর ট্যাঙ্কে থাকা Active Protection System বা APS-কে নিষ্ক্রিয় করার জন্য তৈরি। দ্বিতীয় মিসাইলটি এরপর ট্যাঙ্কের প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানার উদ্দেশ্যে নকশা করা হয়েছে। একটি গাড়িতে মোট ১২টি মিসাইল বহন করা যায়। এর মধ্যে চারটি মিসাইল লঞ্চারে প্রস্তুত অবস্থায় থাকে, বাকি আটটি রিলোড হিসেবে রাখা হয়।
পোখরানে কী কী পরীক্ষা হল?
২০ নভেম্বর রাজস্থানের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে এই পরীক্ষা চালানো হয়। ২১ নভেম্বর সংস্থার তরফে পরীক্ষার সাফল্যের কথা জানানো হয়েছে। পরীক্ষায় দিনের আলো ও রাতের পরিস্থিতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা যাচাই করা হয়। সাঁজোয়া যানকে লক্ষ্য করে একই লেজার বিমের সাহায্যে পরপর দুটি মিসাইল ছোড়ার পরীক্ষাও হয়। পাশাপাশি দীর্ঘ পাল্লায় আকাশপথের লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা যাচাই করা হয়। এই পরীক্ষায় উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনী, Department of Military Affairs এবং প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ প্রতিনিধিরা।
এবার কি ভারতীয় সেনার হাতে আসবে বাঘিরা?
এই পরীক্ষার পর বাঘিরা AT1-কে ভারতীয় সশস্ত্র বাহিনীর মূল্যায়নের জন্য উপলব্ধ করা হবে। তবে এখনই ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে এটি অন্তর্ভুক্ত হয়েছে, এমনটা বলা যাবে না। বর্তমানে ভারতীয় সেনাবাহিনী Milan-2T ও Konkurs-M-এর মতো পুরনো প্রজন্মের অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করে। পাশাপাশি Spike-এর মতো আধুনিক মিসাইলও রয়েছে। Javelin কেনার প্রক্রিয়াতেও এগোচ্ছে ভারত। সব মিলিয়ে, বাঘিরা AT1-এর সফল প্রদর্শন ভারতের বেসরকারি প্রতিরক্ষা শিল্পের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। সেনাবাহিনীর মূল্যায়নে উত্তীর্ণ হলে ভবিষ্যতে স্থলযুদ্ধে ভারতের অ্যান্টি-ট্যাঙ্ক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই মিসাইল ব্যবস্থা।














