
প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী বুকে সংক্রমণ নিয়ে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই খবর জানানো হয়েছে। বর্তমানে তিনি আইসিইউ-তে (ICU) চিকিৎসাধীন। হাসপাতালের সিনিয়র নিউরোলজিস্ট ডা. বিনীত সুরি তাঁর চিকিৎসা করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ৯৮ বছর বয়সি এই নেতার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ভারতীয় রাজনীতিতে কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। তাঁর হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এদিন সকালেই অ্যাপোলো হাসপাতালে গিয়ে আডবাণীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ওড়িশার উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে প্রবীণ এই নেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি লেখেন, "আমাদের শ্রদ্ধেয় নেতা, প্রাক্তন উপপ্রধানমন্ত্রী শ্রী লালকৃষ্ণ আডবাণীজির হাসপাতালে ভর্তির খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন। মহাপ্রভু শ্রী জগন্নাথ তাঁকে দ্রুত সুস্থ করে তুলুন। তাঁর প্রজ্ঞা ও দিকনির্দেশনা দিয়ে তিনি এভাবেই জাতিকে অনুপ্রাণিত করে চলুন।"
বিজেপির রাজনৈতিক ইতিহাসে আডবাণী অন্যতম প্রধান মুখ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ভারতের উপপ্রধানমন্ত্রী-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তাঁর অসুস্থতার খবরে দলের অন্দরেও যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে, যা নাড্ডার হাসপাতাল পরিদর্শনেই স্পষ্ট। ৯৮ বছর বয়সি এই নেতার সুস্থতার দিকেই এখন তাকিয়ে রয়েছেন তাঁর অগণিত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে তাঁর অবস্থা স্থিতিশীল হওয়ার খবরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।