জরুরি সরকারি কাজের জন্য আগামী ৩০ নভেম্বর থেকে ফের সংসদের অধিবেশন ডাকার অনুরোধ জানিয়েছে কেন্দ্র। ৩ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে লোকসভা ও রাজ্যসভার এই বিশেষ অধিবেশন।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বৃহস্পতিবার জানিয়েছেন যে, জরুরি সরকারি কাজ মেটানোর জন্য লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ফের ডাকার অনুরোধ করেছে কেন্দ্র। আগামী ৩০ নভেম্বর নিম্নকক্ষ এবং ২ ডিসেম্বর উচ্চকক্ষের অধিবেশন ডাকার জন্য লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আর্জি জানানো হয়েছে। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্টে রিজিজু আরও জানান, কাজের চাপ অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর সংসদের উভয় কক্ষের অধিবেশন শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে।
সংসদের জরুরি অধিবেশন ডাকল কেন্দ্র
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এক্স-এ লেখেন, "জরুরি সরকারি কাজ মেটানোর জন্য আগামী ৩০ নভেম্বর ২০২৬ সোমবার লোকসভা এবং ২ ডিসেম্বর ২০২৬ বুধবার রাজ্যসভার অধিবেশন ডাকার জন্য স্পিকার ও চেয়ারম্যানকে অনুরোধ করেছে সরকার।"
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, "কাজের চাপের ওপর ভিত্তি করে ৩ ডিসেম্বর ২০২৬ তারিখে উভয় কক্ষের অধিবেশন শেষ হতে পারে।" জরুরি সরকারি কাজ কতটা বাকি থাকছে তার ওপর ভিত্তি করে ৩ ডিসেম্বর, ২০২৬ বৃহস্পতিবার উভয় কক্ষের অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।
এবারই পেশ হচ্ছে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল!
রিজিজুর এই ঘোষণার পর ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। কারণ এই অধিবেশনে কোন কোন বিল পেশ করা হবে, তা স্পষ্ট করে জানানো হয়নি। এদিকে, ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া এই সংসদীয় অধিবেশনের কৌশল নিয়ে আলোচনা করতে আগামীকাল বিকেল সাড়ে ৪টেয় দিল্লিতে কংগ্রেসের সংসদীয় স্ট্র্যাটেজি গ্রুপের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্রের
খুব কম সময়ের নোটিশে ফের অধিবেশন ডাকার এই সিদ্ধান্ত নজিরবিহীন। আগের অধিবেশনের পর থেকে যে সংসদীয় সময়সীমা চলছে, তার প্রেক্ষাপটেই এই পদক্ষেপ। এর আগে ২০২৬ সালের বাদল অধিবেশনে শেষবার বসেছিল সংসদ। ১৩ আগস্ট ২০২৬ তারিখে লোকসভা এবং রাজ্যসভা, উভয় কক্ষই অনির্দিষ্টকালের জন্য (sine die) মুলতুবি হয়ে যায়। ১৩ আগস্ট মুলতুবি হয়ে যাওয়ার পর কোনও কক্ষেরই অধিবেশন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত (প্রোরোগ) করা হয়নি। নভেম্বরের শেষে এসে ১০০ দিনের সীমা পেরিয়ে যাওয়ায়, ভারতের সাংবিধানিক ইতিহাসে প্রোরোগ না হওয়া সংসদীয় অধিবেশনের মধ্যে এটিই দীর্ঘতম ব্যবধান। এর আগে ২০০৮ সালে এই ব্যবধান ছিল ৮৭ দিনের।
গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে উভয় কক্ষের প্রিসাইডিং অফিসাররা অধিবেশনটি অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দিয়েছিলেন। সংবিধানের ৮৫(২)(ক) অনুচ্ছেদ অনুযায়ী ভারতের রাষ্ট্রপতির তরফে আনুষ্ঠানিকভাবে অধিবেশন সমাপ্তির (Prorogation) কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।
শীতকালীন অধিবেশন কবে?
বাদল অধিবেশন আনুষ্ঠানিকভাবে শেষ না হওয়ায় নতুন করে অধিবেশন ডাকার জন্য সরকারকে রাষ্ট্রপতির কাছে যেতে হবে না (যেখানে নিয়ম অনুযায়ী ১৪ দিনের নোটিশ দিতে হয়)। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী (যেমন লোকসভায় রুল ১৫), প্রোরোগ না হওয়া অধিবেশন পুনরায় চালু করার জন্য স্পিকার এবং চেয়ারম্যান খুব কম সময়ের নোটিশে তা ডাকতে পারেন। বাদল অধিবেশনকে খাতায়কলমে জিইয়ে রাখার ফলে, নতুন করে ১৪ দিনের নোটিশ না দিয়েই সরকার খুব কম সময়ের মধ্যে সংসদের অধিবেশন পুনরায় ডেকে নিতে পারল। এই অবস্থান প্রশ্ন উঠছে সংসদে শীতকালীন অধিবেশন কবে থেকে শুরু হবে।
















