
Diwali 2026: দীপাবলির শুভেচ্ছা জানাতে গিয়ে এই উৎসবকে 'খুশির ঈদ' বলে বিতর্কে জড়িয়ে পড়লেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Congress President Mallikarjun Kharge)। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হল। খাড়গেকে ‘সনাতন-বিরোধী’ বলে আক্রমণ করল বিজেপি (BJP)। গেরুয়া শিবিরের অভিযোগ, হিন্দুদের উৎসবেও তোষণের রাজনীতি করতে ছাড়ছে না কংগ্রেস। রবিবার দীপাবলি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন খাড়গে। তাঁর বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি 'এক্স' হ্যান্ডলে লেখেন, 'কংগ্রেস সভাপতি দীপাবলিকে ‘খুশিয়োঁ কা ঈদ’ বলছেন! দীপাবলির দিনেও কংগ্রেসের চিন্তাভাবনা তোষণ এবং ভোটব্যাঙ্কের রাজনীতি ঘিরে। গতকাল সনিয়া গান্ধী (Sonia Gandhi) বাবরি মসজিদ (Babri Masjid) ধ্বংসের ঘটনায় কেঁদেছিলেন আর আজ মিস্টার খাড়গে দীপাবলির শুভেচ্ছাবার্তায় তোষণের রাজনীতি করছেন! কংগ্রেস সনাতন-বিরোধী!'
খাড়গের বিতর্কিত মন্তব্যের আগে বাবরি মসজিদ ধ্বংস নিয়ে মন্তব্য করেছেন সনিয়া। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা নিয়ে এক ব্রিটিশ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন সনিয়া। তাঁর আত্মজীবনী প্রকাশের আগে ওই সাক্ষাৎকার দেন তিনি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা স্মরণ করে সনিয়া জানিয়েছিলেন, টেলিভিশনে সেই ঘটনা দেখে তিনি কেঁদে ফেলেছিলেন। তাঁর মতে, ওই ঘটনা তাঁকে বুঝিয়ে দিয়েছিল যে ভারতের ধর্মনিরপেক্ষ ভিত্তি রক্ষা করার জন্য দেশকে দীর্ঘ লড়াইয়ের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি স্বীকার করেছিলেন, বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেসের আত্মতুষ্টি বিজেপি এবং তাদের হিন্দুত্ববাদী রাজনীতির উত্থানে কিছুটা ভূমিকা রেখেছিল।
Congress President calls Diwali ‘Khushiyon Ka Eid’!
Even on Diwali, Congress thinks of appeasement & vote bank!
Yesterday Sonia Gandhi cried for Babri, today Mr Kharge appeases in his Diwali message!
Congress is Anti Sanatan! https://t.co/hmd8QlBHGU
— Pradeep Bhandari(प्रदीप भंडारी)🇮🇳 (@pradip103) November 8, 2026
সনিয়ার এই মন্তব্যের পরেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। বিজেপি নেতাদের অভিযোগ, কংগ্রেসের মধ্যে বাবরের প্রতি সহানুভূতি রয়েছে। টেলিভিশনে বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা দেখে সনিয়ার কান্নার কথাও প্রশ্নের মুখে ফেলেন তাঁরা। এই প্রসঙ্গে দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যসভার সাংসদ তথা বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, ‘এর থেকেই প্রমাণ হয়, সেই সময় বাবর কংগ্রেসের হৃদয়ে ছিলেন এবং আজও তিনি কংগ্রেসের হৃদয়েই রয়েছেন।’ সবমিলিয়ে, দীপাবলির শুভেচ্ছাবার্তায় খাড়গের মন্তব্য এবং বাবরি মসজিদ ধ্বংস নিয়ে সনিয়ার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে কংগ্রেস-বিজেপি সংঘাত নতুন মাত্রা পেয়েছে। উৎসবের আবহেও দুই দলের রাজনৈতিক তরজা এখন তুঙ্গে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।