
মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেননি ছেলে। সেই সম্পর্কের প্রতিবাদ করাই শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল! প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে নিজের ২৪ বছরের ছেলেকে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। কর্নাটকের বেলাগাভি জেলার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম বিজয় নারায়ণ। তিনি বেঙ্গালুরুর আরটি নগরের বাসিন্দা। তাঁর মা মীনা নারায়ণ একটি বিউটি পার্লারে ম্যানেজার হিসেবে কাজ করতেন। সেই সূত্রেই মহারাষ্ট্রের বাসিন্দা রাকেশ জামুনির সঙ্গে তাঁর পরিচয়। রাকেশকে নিজের গাড়ির চালক হিসেবেও নিয়োগ করেছিলেন মীনা। পরবর্তী সময়ে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ।
পুলিশের দাবি, মায়ের এই সম্পর্কের কথা জানতে পেরে প্রতিবাদ করেছিলেন বিজয়। বিষয়টি নিয়ে পরিবারে অশান্তিও তৈরি হয়েছিল। কিন্তু ছেলের আপত্তি সত্ত্বেও সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন মীনা ও রাকেশ। শেষ পর্যন্ত বিজয় তাঁদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন বলে মনে করে তাঁকে খুনের পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি, কর্নাটক রাজ্যোৎসবের অনুষ্ঠান দেখানোর নাম করে বিজয়কে বেলাগাভিতে নিয়ে যাওয়া হয়। সেখানে রাকেশের চার সহযোগীর সঙ্গে মিলে তাঁকে খুনের ছক কার্যকর করা হয় বলে অভিযোগ। ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে তাঁকে অচেতন করা হয়েছিল কি না, তা নিয়েও বিভিন্ন সংবাদমাধ্যমে তথ্য সামনে এসেছে।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ১ নভেম্বর একটি নির্জন জায়গায় কর্নাটকের পতাকা দিয়ে শ্বাসরোধ করে বিজয়কে খুন করা হয়। পরে জাতীয় সড়কের পাশের একটি নির্জন জায়গায় তাঁর দেহ ফেলে দেওয়া হয়। ৩ নভেম্বর বেলাগাভির মালামারুতি থানার পুলিশ রাস্তার পাশের নিকাশি নালা থেকে এক যুবকের দেহ উদ্ধার করে। তদন্তে মৃতের পরিচয় জানা যায় বিজয় নারায়ণ হিসেবে। এরপর তাঁর মোবাইল ফোনের কল ডিটেলস খতিয়ে দেখে তদন্তকারীরা খুনের ষড়যন্ত্রের সূত্র পান।
এই ঘটনায় মীনা, রাকেশ এবং রাকেশের চার সহযোগী—সচিন, মনোজ, তামান্না ও একনাথকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি এক নাবালককেও আটক করেছে। খুনের নেপথ্যে সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ ছিল কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত চলছে।