
Meerut Dowry Case:: পণের দাবি মেটাতে না পারলে বিয়ে ভেঙে যাওয়ার ঘটনা হামেশাই শোনা যায়। কিন্তু পাত্রপক্ষের আকাশছোঁয়া আবদারে বিরক্ত হয়ে কনের বাড়ি থেকে যে এমন 'উপহার' জুটবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি বরযাত্রীরা! বিয়ের পাকা কথার দিন পণ হিসেবে আস্ত একটা 'মহিন্দ্রা থর' গাড়ি দাবি করেছিল পাত্রপক্ষ। শেষমেশ পাত্রের বাবার হাতে একটা প্লাস্টিকের খেলনা 'থর' গাড়ি ধরিয়ে দিয়ে বিয়েই ভেঙে দিলেন কনের বাবা। উত্তরপ্রদেশের মিরাটের এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। মানে ২২ লক্ষ টাকার গাড়ির দাবি, মিচল ২২ টাকার খেলনায়। উচিত শিক্ষা বোধহয় একেই বলে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মিরাট জেলায়। স্থানীয় সূত্রে খবর, মাস পাঁচেক আগে মিরাটের ভবনপুর থানার জ্ঞানপুর গ্রামের বাসিন্দা শমসেরের ছেলের সঙ্গে পরতাপুর থানার সোলানা গ্রামের বব্বরের মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। শনিবার ছিল বিয়ের আগে 'চিঠি' বা পাকা কথার অনুষ্ঠান। সেই উপলক্ষে সকাল থেকেই কনের বাড়িতে হাজির হয়েছিলেন পাত্রপক্ষের লোকজন।
দেখুন ভিডিও
उत्तर प्रदेश –
मेरठ में शादी से ठीक पहले दूल्हे ने थार मांगी तो लड़की पक्ष ने प्लास्टिक खिलौना वाली थार पकड़ाकर ये रिश्ता तोड़ दिया !! https://t.co/46M8NgVN4t
— Sachin Gupta (@Sachingupta) November 29, 2026
সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু কথাবার্তা এগোতেই আসল রূপ বেরিয়ে আসে পাত্রপক্ষের। অভিযোগ, পণ হিসেবে পাত্রপক্ষ সরাসরি একটা 'থর' গাড়ি দাবি করে বসে। কনের পরিবার প্রথমে অনেক বুঝিয়ে এই দাবি থেকে সরে আসার অনুরোধ করে। এমনকী, কনের বাড়ির তরফে একটা 'স্প্লেন্ডার' বাইক দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু তাতে মন গলেনি পাত্রপক্ষের। তাদের সাফ কথা, বাইক হলে 'বুলেট' দিতে হবে, নাহলে চাই 'থর'। পাত্রপক্ষের এই নাছোড়বান্দা জেদে শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙে কনের পরিবারের।
এরপরই শুরু হয় আসল নাটক। সকাল থেকে পাত্রপক্ষের লোকজনকে বাড়িতে বসিয়ে রাখেন কনের বাড়ির লোকেরা। দেখতে দেখতে রাত ১০টা বেজে যায়। এদিকে এরই ফাঁকে চুপিসারে স্থানীয় বাজারে চলে যান কনের পরিবারের সদস্যেরা। সেখান থেকে কিনে আনেন হলুদ ও নীল রঙের একটি প্লাস্টিকের খেলনা ‘থর’ গাড়ি।
‘‘আপনাদের তো আর মানুষ চাই না, গাড়ি চাই!''
রাতে পাত্রের বাবা শমসেরের হাতে প্লাস্টিকের প্যাকেটে মোড়া সেই খেলনা গাড়িটি তুলে দেন কনের বাবা বব্বর। গোটা ঘটনাটির ভিডিয়োও রেকর্ড করা হয়। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্যাকেটবন্দি খেলনা গাড়িটি হাতে ধরে দাঁড়িয়ে রয়েছেন পাত্রের বাবা। আর কনের বাবা বব্বর তাঁকে স্পষ্ট বলছেন, ‘‘আপনাদের তো আর মানুষ চাই না, গাড়ি চাই! এই নিন থর, এটা নিয়েই চালান। এবার থেকে আপনারা আপনাদের বাড়িতে থাকুন, আমরা আমাদের বাড়িতে থাকি।’’
এই কথার পরেই পাত্রপক্ষের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ভেঙে দেন কনের বাবা। দেশে পণপ্রথা আইনত দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও যেভাবে প্রকাশ্যে গাড়ির দাবি তোলা হয়েছিল, তার বিরুদ্ধে কনের বাবার এই অভিনব প্রতিবাদকে কুর্নিশ জানাচ্ছেন নেটাগরিকেরা। সমাজমাধ্যমে খেলনা ‘থর’ দেওয়ার এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশংসার বন্যা বয়ে গিয়েছে।