মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই ভয়াবহ পরিণতি! ঝাড়খণ্ডের জাতীয় সড়কে দুর্ঘটনায় একই পরিবারের ১৩ জনের মৃত্যু হয়েছে। যাত্রীবোঝাই গাড়িতে মোট কতজন ছিলেন? কীভাবে ঘটল এই ভয়াবহ সংঘর্ষ? দুর্ঘটনার পর একমাত্র জীবিত ব্যক্তির অবস্থাই বা কেমন?
মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। ধর্মীয় স্থানে পৌঁছে পুজো দেওয়ার আগেই তাঁদের যাত্রাপথে নেমে এল ভয়াবহ বিপর্যয়। ঝাড়খণ্ডের রামগড়ে জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই একটি স্করপিও। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। আহত হয়েছেন আরও এক ব্যক্তি। মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে। রবিবার ভোররাতের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিহারের নালন্দা জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে রাঁচি-পটনা জাতীয় সড়কের (NH-33) পেইঙ্কি গ্রামের কাছে। কুজু থানা এলাকার এই রাস্তায় রবিবার রাত প্রায় ২টো নাগাদ একটি স্করপিওর সঙ্গে সামনের দিকে থাকা অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। পুলিশের প্রাথমিক অনুমান, দ্রুতগতিতে চলার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িতে ধাক্কা মারে SUV-টি।
একসঙ্গে প্রাণ হারালেন ১৩ জন
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় স্করপিওতে মোট ১৪ জন ছিলেন। তাঁরা সকলেই বিহারের নালন্দা জেলার জংহারো গ্রামের বাসিন্দা। রামগড়ের পুলিশ আধিকারিক অলোক রঞ্জন জানিয়েছেন, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা ১৩ জনকে মৃত বলে ঘোষণা করেন। বেঁচে যাওয়া একমাত্র যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে রামগড় সদর হাসপাতালের আইসিইউতে তাঁর চিকিৎসা চলছে।
কোথায় যাচ্ছিলেন তাঁরা?
প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই পরিবারের সদস্যরা ঝাড়খণ্ডের বিখ্যাত রজরাপ্পা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। মন্দিরটি মা ছিন্নমস্তিকার শক্তিপীঠ হিসেবে পরিচিত। বিহারের নিজের গ্রাম থেকে পুজো দিতে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কীভাবে সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করছেন প্রশাসনিক আধিকারিকরা।
একটি পরিবারের এতজন সদস্যের একসঙ্গে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ দুই রাজ্যের মানুষ।










