
Mobile Explodes After Lightning Strike: মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টির মাঝেও হাত থেকে নামেনি মোবাইল ফোনের হ্যান্ডসেট। আর তাতেই ঘটে গেল চরম বিপত্তি। বজ্রপাতের জেরে হাতের ফোন ফেটে মারাত্মকভাবে জখম হলেন এক পোশাক ব্যবসায়ী। মঙ্গলবার বিকেলে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটল ওড়িশার কেওনঝড় জেলার ঘাসিপুড়া থানা এলাকার সুদুসুদিয়ায়। জখম ব্যবসায়ীর নাম ফিরোজ আলি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় আনন্দপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদুসুদিয়া এলাকায় ফুটপাতের ধারেই একটি ছোট পোশাকের দোকান রয়েছে ফিরোজের। প্রতিদিনের মতোই মঙ্গলবার বিকেলেও দোকানে গ্রাহকদের অপেক্ষায় বসেছিলেন তিনি। বিকেলে আকাশ মেঘলা হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও দোকান বন্ধ করেননি। কাজ না থাকায় দোকানে বসেই নিজের মোবাইল ঘাটছিলেন ফিরোজ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেই সময় আচমকাই বিকট শব্দে সুদুসুদিয়া বাজার এলাকায় বজ্রপাত হয়। বাজ পড়ার ঠিক সেই মুহূর্তে ফিরোজের হাতেই ধরে রাখা ছিল মোবাইল ফোনটি।
প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, বজ্রপাতের জেরে ফিরোজের হাতে থাকা মোবাইলটি বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণের তীব্রতায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুনের ঝলকা। বজ্র বিদ্যুৎ ও ফোন বিস্ফোরণের জোড়া ধাক্কায় গুরুতর দগ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই পোশাক ব্যবসায়ী। শরীরের একাধিক অংশে গভীর ক্ষত তৈরি হয় তাঁর। ঘটনার আচমকা অভিঘাতে দিশেহারা হয়ে পড়েন আশেপাশের অন্যান্য দোকানদার ও পথচারীরা।
তবে মুহূর্তের বিভ্রম কাটিয়ে তড়িঘড়ি এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। রক্তাক্ত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য আনন্দপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান তাঁর পরিবার ও আত্মীয় পরিজনেরা। বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, ফিরোজের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বজ্রপাতের ফলে শরীরের অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসকেরা।
বিশেষজ্ঞরা কী বলছেন
বর্ষার মরসুমে খোলা জায়গায় বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার করা কতটা বিপজ্জনক, এই ঘটনা আরও একবার তা স্পষ্টভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেন যে, বাজ পড়ার সময়ে খোলা জায়গায় মোবাইল ফোন ব্যবহার বা চার্জে বসানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। সুদুসুদিয়ার এই মর্মান্তিক ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ। জখম ব্যবসায়ীর দ্রুত আরোগ্য কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।