
NITI Aayog: মোদীর ২৫ বছরের শাসনকাল নিয়ে কর্মশালা নীতি আয়োগের। প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর পূর্ণ হতে চলেছে তাঁর। এই দীর্ঘ সময়ে মোদীর কাজের ধরন থেকে শিক্ষা নিতে মঙ্গলবার পাঁচটি জাতীয় কর্মশালার সিরিজ শুরু করতে চলেছে নীতি আয়োগ (NITI Aayog)। নীতি আয়োগের দেওয়া বিবৃতি অনুযায়ী, গত ২৫ বছরের এই জননেতৃত্বের মেয়াদ নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হবে। এর ফলে তাঁর অভিজ্ঞতাগুলি দেশের সাধারণ জ্ঞানের অংশে পরিণত হতে পারবে। মোদীর এই রাজনৈতিক সফরের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিদের অভিজ্ঞতাগুলি নথিবদ্ধ করে সবার কাজে লাগানোই এই উদ্যোগের লক্ষ্য। প্রসঙ্গত, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তিনি।
১২ বছরেরও বেশি সময় ওই পদে থাকার পর, ২০১৪ সালের মে মাসে তিনি প্রধানমন্ত্রী হন এবং বর্তমানে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। ২০২৬ সালের ৭ অক্টোবর তাঁর শাসনকালের ২৫ বছর পূর্ণ হবে। ভারতে নির্বাচিত কোনো সরকারের প্রধান হিসেবে এটাই সবচেয়ে লম্বা টানা মেয়াদ। প্রকাশিত তথ্য অনুযায়ী, এই পাঁচটি জাতীয় কর্মশালার বিষয়বস্তু হলো—২০২৬ সালের নভেম্বরে 'লিডারশিপ অ্যাজ মিশন', ২০২৭ সালের জানুয়ারিতে 'গভর্নেন্স অ্যাজ ডেলিভারি', ২০২৭ সালের এপ্রিলে 'ডেভলপমেন্ট অ্যাজ ইনক্লুশন', ২০২৭ সালের জুলাইয়ে 'সিভিলাইজেশনাল আইডেন্টিটি' এবং ২০২৭ সালের সেপ্টেম্বরে 'ইন্ডিয়া অ্যাজ আ গ্লোবাল ফোর্স'।
সোমবার, নয়াদিল্লির ভারত মণ্ডপমে প্রথম জাতীয় কর্মশালা 'লিডারশিপ অ্যাজ মিশন' অনুষ্ঠিত হবে। কীভাবে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে নেতৃত্ব ফুটে ওঠে এবং তা কীভাবে নাগরিকদের কাজে লাগে, সেটাই এখানে খতিয়ে দেখা হবে। এই দিনটিতে মূলত চারটি বিষয়ের ওপর জোর দেওয়া হবে, যা সরাসরি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গে যুক্ত। ২০০১ সালের ভূমিকম্পের পর কচ্ছের পুনর্গঠন নিয়ে বলবেন অতিরিক্ত মুখ্য সচিব রাজীব টপনো। 'লিডারশিপ ফর বিকশিত ভারত' নামের একটি প্যানেল আলোচনা পরিচালনা করবেন নীতি আয়োগের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার বি ভি আর সুব্রহ্মণ্যম। এই প্যানেলে থাকবেন উত্তরপ্রদেশের নগরোন্নয়ন ও শক্তি বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী অরবিন্দ কুমার শর্মা, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদের অধ্যাপক বিশাল গুপ্ত, নীতি আয়োগের ডিস্টিংগুইশড ফেলো দেবযানী ঘোষ এবং হরদোই-এর জয়েন্ট ম্যাজিস্ট্রেট নারায়ণী ভাটিয়া। ক্যাবিনেট সচিব টি ভি সোমনাথন এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করবেন এবং আইগট কর্মযোগী (iGOT Karmayogi) প্ল্যাটফর্মে 'কর্মযোগী সংকল্প'-এর সূচনা করবেন।
এই সংকল্পের মাধ্যমে সারা দেশের সরকারি আধিকারিকরা তাঁদের নিজেদের নেতৃত্বে একটি নির্দিষ্ট পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেবেন। প্রায় ৯০০ জন এই কর্মশালায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে, যাঁর মধ্যে ২৫০ জন সরাসরি আলোচনায় অংশ নেবেন। এর মধ্যে থাকবেন ১৫০ জন সরকারি আধিকারিক, যাঁর মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের সচিব, পদস্থ আধিকারিক এবং অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট-এর জেলাশাসকরাও থাকবেন। এছাড়াও, দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের ২৫ জন পড়ুয়া এবং জাতীয় প্রকল্পের ৫০ জন কমিউনিটি পার্টনার ও সুবিধাভোগী উপস্থিত থাকবেন। ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের 'অমৃত জ্ঞান কোষ' উদ্যোগের আওতায় ২৫ জন ফেসিলিটেটর এই গ্রুপ আলোচনার নেতৃত্ব দেবেন। পুরো অনুষ্ঠানটি আইগট কর্মযোগী প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।