Passport Fee: ১৪ বছর পর দামি ভারতীয় পাসপোর্ট, একধাক্কায় ফি বাড়লো, এবার কত বেশি খরচ হবে?

Published : Jun 26, 2026, 11:05 AM IST
passport fee hike 2026 new rules normal tatkal passport cost replacement fees india

সংক্ষিপ্ত

Passport Fee: প্রায় ১৪ বছর পর পাসপোর্ট তৈরির ফি সংশোধন করা হয়েছে, ফলে আবেদনকারীদের এখন আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে। নতুন ফি-র পাশাপাশি আবেদন ও পরিষেবা সংক্রান্ত কিছু নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। 

দীর্ঘ ১৪ বছর পর পাসপোর্ট তৈরির খরচ বাড়াল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে পাসপোর্ট পরিষেবার নতুন ফি কার্যকর হবে। অর্থাৎ ১ জুলাই বা তার পরে যাঁরা পাসপোর্টের জন্য আবেদন করবেন, তাঁদের পকেট থেকে বেরোবে আগের চেয়ে অনেকটাই বেশি টাকা। পাসপোর্ট (সংশোধনী) আইন ২০২৬-এর অধীনে এই নতুন ফি কাঠামো ঘোষণা করা হয়েছে এবং ২০ জুন সরকারি বিজ্ঞপ্তি জারি হয়েছে।

পাসপোর্টের দাম বৃদ্ধি, জানুন কিসের জন্য কত টাকা লাগবে?

এর আগে সর্বশেষ ২০১২ সালে পাসপোর্ট ফি বাড়ানো হয়েছিল। সেবার ৩৬ পাতার পাসপোর্টের খরচ ১,০০০ থেকে বেড়ে ১,৫০০ টাকা হয়েছিল। এ বার সেটা একলাফে হচ্ছে ২,৫০০ টাকা। শুধু নতুন পাসপোর্ট নয়, রিইস্যু, তৎকাল এবং হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পাসপোর্টের ক্ষেত্রেও একই ভাবে বেড়েছে ফি।

নতুন নিয়ম অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সিদের ৩৬ পাতার নতুন পাসপোর্ট তৈরি বা রিইস্যু করতে এখন থেকে দিতে হবে ২,৫০০ টাকা, যেখানে আগে লাগত মাত্র ১,৫০০ টাকা। তৎকাল পরিষেবায় সেই পাসপোর্ট পেতে গেলে গুনতে হবে ৫,০০০ টাকা, আগে যা ছিল ৩,৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্টের ক্ষেত্রে নতুন ফি ৩,৫০০ টাকা এবং তৎকালে ৬,০০০ টাকা, যেখানে আগে লাগত যথাক্রমে ২,০০০ এবং ৪,০০০ টাকা।

পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে খরচের বোঝা আরও ভারী। সেই ক্ষেত্রে ৩৬ পাতার নতুন পাসপোর্টের জন্য দিতে হবে ৫,০০০ টাকা। তৎকালে সেই পরিষেবা নিতে চাইলে খরচ দাঁড়াবে ৭,৫০০ টাকা। ৬০ পাতার পাসপোর্ট হারিয়ে গেলে বা নষ্ট হলে নতুন পাসপোর্টের জন্য লাগবে ৬,০০০ টাকা এবং তৎকালে ৮,৫০০ টাকা।

অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ ১৮ বছরের কমবয়সিদের জন্যও নতুন ফি নির্ধারিত হয়েছে। তাদের ৩৬ পাতার পাসপোর্ট বানাতে দিতে হবে ১,৭৫০ টাকা। তৎকাল পরিষেবায় সেটা পেতে খরচ পড়বে ৪,২৫০ টাকা। অপ্রাপ্তবয়স্কদের পাসপোর্ট হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন পাসপোর্টের জন্য ৪,২৫০ টাকা এবং তৎকালে ৬,৭৫০ টাকা গুনতে হবে।

পাসপোর্ট পরিষেবায় পরিবর্তন

পাসপোর্ট সংক্রান্ত অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। পুলিশের অনুমোদনের শংসাপত্র বা পিসিসি, পাসপোর্ট সারেন্ডারের শংসাপত্র এবং গ্লোবাল এন্ট্রি প্রোগ্রামের যাচাইকরণের জন্য দেশে থেকে আবেদন করলে দিতে হবে ৭৫০ টাকা। আর বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য এই ফি ৫০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩,৭০০ টাকার সমতুল।

পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়: বিদেশমন্ত্রক

উল্লেখ্য, এই ঘোষণার মাত্র একদিন আগেই বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে যে পাসপোর্ট কোনোভাবেই দেশের নাগরিকদের পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে না, এটি শুধুমাত্র একটি ভ্রমণ নথি। তাই পরিচয়পত্র হিসেবে পাসপোর্ট ব্যবহারের কথা ভাবলে এখনই সেই ধারণা বদলানো জরুরি।

সব মিলিয়ে যাঁরা শীঘ্রই পাসপোর্ট বানানোর পরিকল্পনা করছেন, তাঁদের জন্য পরামর্শ একটাই — ১ জুলাইয়ের আগেই আবেদন করলে পুরনো কম খরচেই কাজ হয়ে যাবে। তারপর আবেদন করলে গুনতে হবে বর্ধিত ফি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

আপনার কাছে এই নথি আছে তো? পাসপোর্ট, আধার, ভোটার কার্ড নয়, ভারতীয় নাগরিকত্বের আসল প্রমাণ এটি
Ram Temple: রাম মন্দিরের অনুদানের অর্থ চুরির ঘটনায় গ্রেফতার ৮, চলছে জিজ্ঞাসাবাদ