
পেট্রোলের দাম দিচ্ছেন, অথচ গাড়ির ট্যাঙ্কে ঢুকছে বেশি ইথানল! কর্নাটকের একাধিক জেলার পরীক্ষার রিপোর্ট সামনে এনে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, ১৪টি নমুনার মধ্যে ১১টিতেই ইথানলের পরিমাণ ২০ শতাংশের বেশি। শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি দাবি করেন, কর্নাটক সরকারের সংগ্রহ করা পেট্রোলের নমুনা পরীক্ষায় নির্ধারিত সীমার বেশি ইথানল পাওয়া গিয়েছে। তাঁর বক্তব্য, সাতটি জেলা থেকে সংগ্রহ করা ১৪টি নমুনার মধ্যে ১১টিতেই ইথানলের পরিমাণ ২০ শতাংশের বেশি। রাহুলের দাবি অনুযায়ী, ইন্ডিয়ান অয়েলের একটি নমুনায় ইথানলের পরিমাণ ৩১.২ শতাংশ এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের নমুনায় ৩০.৫ শতাংশ পাওয়া গিয়েছে।
রাহুল গান্ধীর অভিযোগের তালিকায় রয়েছে একাধিক সরকারি ও বেসরকারি তেল সংস্থা। এর মধ্যে রয়েছে ইন্ডিয়ান অয়েল (IOCL), হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL), ভারত পেট্রোলিয়াম (BPCL), নায়ারা এবং শেল। তাঁর আরও অভিযোগ, সংস্থাগুলির নিজস্ব পরীক্ষাগারে করা রিপোর্টে ইথানলের প্রকৃত পরিমাণ উল্লেখ করা হয়নি। ফলে সাধারণ ক্রেতারা পেট্রোলের সঙ্গে কতটা ইথানল মেশানো হচ্ছে, তা জানতে পারছেন না।
রাহুল গান্ধীর দাবি, নির্ধারিত সীমার বেশি ইথানল মেশানো পেট্রোল ব্যবহার করলে গাড়ির মাইলেজ কমতে পারে। পাশাপাশি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি এবং রক্ষণাবেক্ষণের খরচও বাড়তে পারে। বিশেষ করে E20 জ্বালানির উপযোগী নয়, এমন গাড়িতে অতিরিক্ত ইথানল মেশানো পেট্রোল ব্যবহারের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর প্রশ্ন, পেট্রোল পাম্পে ক্রেতাদের কেন জানানো হচ্ছে না যে তাঁরা ঠিক কত শতাংশ ইথানল মেশানো জ্বালানি কিনছেন?
তবে কর্নাটক সরকারের পরীক্ষার রিপোর্ট নিয়ে আপত্তি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের দাবি, নির্ধারিত নিয়ম মেনে পরীক্ষা করা হলে তাদের E20 পেট্রোলের মান BIS-এর IS 17021 মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। সংস্থাগুলির বক্তব্য, নমুনা সংগ্রহ ও পরীক্ষার পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের দাবি, নিজেদের পরীক্ষায় ৫৬টি নমুনায় ইথানলের পরিমাণ ১৯ থেকে ২০ শতাংশের মধ্যে পাওয়া গিয়েছে। কর্নাটক সরকারের কাছে নমুনা সংগ্রহের নথি ও পরীক্ষার রিপোর্ট চেয়েছে তারা। যৌথভাবে নতুন করে পরীক্ষা করার প্রস্তাবও দিয়েছে।
এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন করেছেন রাহুল গান্ধী। দেশজুড়ে পেট্রোলে প্রকৃতপক্ষে কত শতাংশ ইথানল মেশানো হচ্ছে, তার স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তিনি। নির্ধারিত ২০ শতাংশের বেশি ইথানল মেশানোর অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট তেল সংস্থাগুলির বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে, সেই প্রশ্নও তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা। তবে গোটা বিষয়টি এখনও অভিযোগ ও পাল্টা দাবির পর্যায়ে রয়েছে। পরীক্ষার পদ্ধতি নিয়ে দুই পক্ষের মতবিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অতিরিক্ত ইথানল মেশানোর অভিযোগকে চূড়ান্তভাবে প্রমাণিত বলা যাচ্ছে না।