
Rahul Gandhi: যন্তর মন্তরকে সরকারি ধর্নামঞ্চের তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তাদের পরবর্তী লড়াই হল, যন্তর মন্তর পুনরুদ্ধার করা। ইন্ডিয়া জোটের নেতাদের তিনি যেকোনও সময় ঝটিকা ধর্নার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলন যখন জোরদার হচ্ছে, ঠিক তখনই কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে যন্তর মন্তরকে ধর্নামঞ্চের তালিকা থেকে বাদ দিয়েছে। তার পরিবর্তে বদলে শহরের রামলীলা ময়দান, ১৩ কিলোমিটার দূরের জিবিডি (GBD) এবং ২১ কিলোমিটার দূরের বুরারি ময়দানকে ধর্নার জন্য ধার্য করা হয়েছে।
রামলীলা ময়দান আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত, অন্য সংগঠনগুলি বুক করে রেখেছে। আর শহর থেকে এত দূরের ময়দানগুলিতে ধর্নার ডাক দিলে সরকারের কোনও মাথাব্যথাই থাকবে না। মূলত, আন্দোলনকে শহরের বাইরে রাখতেই সরকারের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আর তার বিরুদ্ধেই এবার পাল্টা ঘুঁটি সাজাচ্ছে বিরোধীরা।
সিজেপি গতকালই ঘোষণা করেছে যে, যন্তর মন্তর পুনরুদ্ধার করাই এই মুহূর্তে তাদের পরবর্তী লক্ষ্য। আর ঠিক একই কথা রাহুল গান্ধীও ইন্ডিয়া জোটের পরবর্তী কর্মসূচি হিসেবে ঘোষণা করেছেন। জোটের আগামী দিনের আন্দোলনের প্রধান কেন্দ্র হতে পারে এই যন্তর মন্তরই। রাহুল গান্ধী সাংসদদের নির্দেশ দিয়েছেন, যেকোনও সময় ঝটিকা ধর্না হতে পারে। তাই ডাকলেই যেন ২৪ ঘণ্টার মধ্যে তারা দিল্লিতে পৌঁছে যান। গোয়েন্দা সংস্থাগুলির অনুমান, আন্দোলনকারীরা যন্তর মন্তর ঘেরাও করতে পারে। তাই আগামী ২০ তারিখ পর্যন্ত, দিল্লিতে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। তবে ইন্ডিয়া জোটের নেতাদের রাহুল যেভাবে এবং যেকোনও সময় ঝটিকা ধর্নার জন্য প্রস্তুত থাকতে বলেছেন, সেই বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।