
2026 Kerala Legislative Assembly election: কেরলে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস (Congress) ও লোকসভার বিরোধী দলনেতা (Leader of Opposition in the Lok Sabha) রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন কেরলের মুখ্যমন্ত্রী (Kerala Chief Minister) পিনারাই বিজয়ন। তাঁর দাবি, পরোক্ষভাবে বিজেপি-কে (BJP) সাহায্য করছে কংগ্রেস। এই শতাব্দীপ্রাচীন দল তোষণের রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী। কংগ্রেস ও সিপিআইএম (CPIM) ইন্ডিয়া জোটে (INDIA) থাকলেও, কেরলে পরস্পরের বিরুদ্ধে লড়াই করে। বিধানসভা নির্বাচনে বাম গণতান্ত্রিক ফ্রন্ট (Left Democratic Front), কংগ্রেস নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ গণতান্ত্রিক ফ্রন্ট (United Democratic Front) ও বিজেপি-র ত্রিমুখী লড়াই দেখা যাচ্ছে। তার আগে বামেদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে কেরলে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
রাহুলকে ব্যঙ্গ করে বিজয়ন বলেছেন, ‘রাহুল গান্ধী কার্যত বিজেপি-র বি দলের নেতা হিসেবে কাজ করছেন। সারা দেশের অভিজ্ঞতা সেটাই বলছে। তাঁর অবস্থান বারবার বিজেপি-কে সাহায্য করেছে।’ কংগ্রেসকে আক্রমণ করে কেরলের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, দিল্লি (Delhi), হরিয়ানার (Haryana) মতো রাজ্যে বিরোধীদের ঐক্য দুর্বল করে দিয়েছে কংগ্রেস। তার ফলে বিজেপি-র উত্থান হয়েছে।
কেরলে প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তনের ধারা থাকলেও, গতবার ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিল বামেরা। এবার বিধানসভা নির্বাচনের আগে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়া প্রবল। পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনে ভালো ফল করেছে কংগ্রেস ও বিজেপি। এই কারণেই বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসকে আক্রমণ করলেন কেরলের মুখ্যমন্ত্রী। দক্ষিণ ভারতের এই রাজ্যে মুসলিম ভোট বড় ভূমিকা পালন করে। ২০২১ সালে মুসলিম ভোটের বেশিরভাগ অংশই পেয়েছিল বলে ক্ষমতা ধরে রাখতে পেরেছিল বামেরা। এবারও তারা মুসলিম ভোট ধরে রাখতে মরিয়া। এই কারণেই কংগ্রেসের বিরুদ্ধে তোষণের অভিযোগ করেছেন বিজয়ন। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই রাজনৈতিক দ্বন্দ্ব বাড়বে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।