
Shehzad Poonawalla Quits BJP: জল্পনায় সিলমোহর পড়ল। বিজেপি ছাড়লেন জাতীয় জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। ভারতীয় টিভি নিউজে বিজেপির হয় গলা ফাটানো শেহজাদ পুনাওয়ালা এবার রাজনীতিতে কোন পথে হাঁটেন সেটাই দেখার। ২০১৭ সালে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে মুখ খুলে তেহসিন পুনাওয়ালার ভাই শেহজাদ কংগ্রেস ছাড়েন। এরপর বিজেপিতে যোগ দিয়ে দলের অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন শেহজাদ। এবার বিজেপি ছাড়ার পিছনে'জরুরি', আর্থিক ও ব্যক্তিগত পরিস্থিতির কথা উল্লেখ করেছেন।
৩৮ বছর বয়সী এই নেতা জানিয়েছেন, তিনি গত ৩০ জুলাই প্রথম পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু বিজেপি শুরুতে সেই পদত্যাগপত্র গ্রহণ করেনি এবং সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছিল। বিজেপি সভাপতি নীতিন নবীনকে পাঠানো সাম্প্রতিক এক চিঠিতে পুনাওয়ালা লিখেছেন, "দীর্ঘ ও গভীর চিন্তাভাবনা করার পর আমি আমার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। তাই জাতীয় মুখপাত্র পদ এবং বিজেপির প্রাথমিক সদস্যপদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য আবারও আবেদন জানাচ্ছি।"
কারো নাম না তুলে চিঠিতে তিনি আরও লেখেন, "গত কয়েক দিনের কিছু ঘটনা,কয়েকজন ব্যক্তির কারণে, যাদের সম্পর্কে আপনাকে আগেই বিস্তারিত জানিয়েছি, আমাকে আমার আগের সিদ্ধান্তে অটল থাকতে বাধ্য করেছে।" দল প্রথমে পদত্যাগপত্র গ্রহণ না করায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, "কোনো অভিমান বা ক্ষোভ ছাড়াই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দলীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সাধারণ সম্পাদক (সংগঠন) বি. এল. সন্তোষের মতো প্রবীণ নেতাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা রেখে ধন্যবাদ জানাচ্ছি। গত পাঁচ বছরে আমাকে যে সুযোগ ও মঞ্চ দেওয়া হয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।"
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, “জরুরি আর্থিক ও ব্যক্তিগত পরিস্থিতির কারণে আমি এবার কর্পোরেট ক্ষেত্রে (প্রাইভেট সেক্টর) যোগ দেব। তবে যেখানেই সম্ভব এবং যেভাবেই সম্ভব, প্রধানমন্ত্রী মোদী ও বিজেপির দৃষ্টিভঙ্গি ও কাজকে সমর্থন করে যাব। আমি কেবল দলীয় ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ বিচার নয়।” প্রসঙ্গত, গত জুলাইয়ের শেষের দিকেই শেহজাদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তাঁর বায়ো পরিবর্তন করেছিলেন। সেখানে "বিজেপি জাতীয় মুখপাত্র" পরিচয় সরিয়ে নিলেও "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজীবন অনুগামী" লিখে রেখেছিলেন।
পেশায় আইনজীবী শেহজাদ পুনাওয়ালা রাজনৈতিক জীবন শুরু করেছিলেন কংগ্রেসে। ২০১৭ সালে কংগ্রেসের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে মুখ খুলে তিনি আলোচনায় আসেন। সেই সময় তিনি অভিযোগ করেছিলেন, রাহুল গান্ধীকে সভাপতি পদে বসাতে নির্বাচন প্রক্রিয়াকে 'কারচুপি' করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক তেহসীন পুনাওয়ালার ভাই শেহজাদ পরবর্তীতে কংগ্রেস ত্যাগ করেন এবং বিজেপিতে যোগ দিয়ে দলের অন্যতম প্রধান মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করেন।