মোবাইল-ল্যাপটপ ছাড়া গতি নেই। অনেকে চোখের আরামের জন্য সচেতন ভাবে ডার্ক মোড অন করে রাখেন। কিন্তু সারাক্ষণ ডিভাইসের ডার্ক মোড কি সত্যিই চোখকে আরাম দিচ্ছে? কী বলছে গবেষণা, জানুন।
মোবাইল-ল্যাপটপ ছাড়া গতি নেই। দীর্ঘক্ষণ স্ক্রিনে চোখ রেখেই কাজ করতে হয়। তাই অনেকে সচেতন ভাবে ডার্ক মোড অন করে রাখেন, যাতে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো অক্ষর পড়তে কষ্ট না হয় এবং চোখে বেশি স্ট্রেস না পড়ে। কিন্তু সারাক্ষণ ডিভাইসের ডার্ক মোড কি সত্যিই চোখকে আরাম দিচ্ছে?
চোখ আলোর প্রতি কী ভাবে সাড়া দেয়?
আমাদের চোখের মণি (পিউপিল) আলো অনুযায়ী ছোট-বড় হয়। আলো কম থাকলে মণি বড় হয়, তাতে বেশি আলো ঢোকে। কিন্তু মণি বড় হলে ফোকাসের গভীরতা কমে, ফলে লেখা কিছুটা ঝাপসা দেখতে পারেন।
আবার আলো বেশি থাকলে মণি ছোট হয়, তখন ছবি ও লেখা তুলনামূলক স্পষ্ট দেখায়। চোখকে স্ক্রিনের লেখা পড়তে বেশি কসরতও করতে হয় না। এই কারণেই অন্ধকার ঘরে কালো স্ক্রিনে ছোট সাদা লেখা পড়লে চোখের উপর বাড়তি চাপ পড়তে পারে। স্ক্রিন আরামদায়ক লাগলেও লেখাটি স্পষ্টভাবে নাও পড়তে পারেন।
ডার্ক মোড কোথায় কাজে লাগে?
রাতে ঘরের সব আলো নিভিয়ে মোবাইল বা ল্যাপটপ দেখলে স্ক্রিনই আলোর একমাত্র উৎস হয়। তখন সাদা স্ক্রিন চোখে খুব ঝলমলে লাগে। স্ক্রিন থেকে চোখ সরিয়ে আবার স্ক্রিনের দিকেই তাকালে মণি একবার ছোট, একবার বড় হয়। বার বার এমন হলে মণিকে মানিয়ে নিতে বেশি কসরত করতে হয়, যা চোখের পক্ষে অস্বস্তিকর। ডার্ক মোড অন রাখলে স্ক্রিন আর ঘরের আলোর তফাত কমে, তাই এই অস্বস্তিও কিছুটা এড়ানো যায়।
কী বলছে গবেষণা?
২০২১ সালে IEEE Access জার্নালের একটি গবেষণায় দেখা গিয়েছে, ডার্ক মোডে স্ক্রিন দেখার সময় মানুষ বেশি চোখের পলক ফেলে। ফলে চোখ কম শুকায়। এই গবেষণার ভিত্তিতে গবেষকেরা রাতে ডার্ক মোড ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তবে অংশগ্রহণকারীরা দিনের বেলায় লাইট মোডে কম ক্লান্তির কথা বলেছেন এবং লাইট মোডই বেশি পছন্দ করেছেন।
তাহলে কী করবেন?
চিকিৎসকদের মতে, সারাক্ষণ ডার্ক মোড নয়। দিনের বেলায় বা আলোকিত ঘরে লাইট মোড এবং রাতে অন্ধকার ঘরে ডার্ক মোড ব্যবহার করুন। আর ২০-২০-২০ নিয়ম মেনে চলুন - প্রতি ২০ মিনিট পর পর ২০ ফুট দূরের কোনও বস্তুর দিকে ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন।














