
Delhi Building Collapse: দিল্লির সত্য নিকেতনে ভয়াবহ দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল পিজি, মৃত অন্তত ৬। ধ্বংসস্তূপের নিচে আটকে বহু পড়ুয়া? নিখোঁজ ভাইয়ের খোঁজে হাসপাতালে হাহাকার দিদির। রইল গ্রাউন্ড জিরোর টাটকা আপডেট।
Delhi Building Collapse: দিল্লির সত্য নিকেতনে ভেঙে পড়ল বহুতল: মৃত্যু অন্তত ৬ জনের, নিখোঁজ ভাইয়ের সন্ধানে হাহাকার দিদির
দক্ষিণ দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালের এই ভয়াবহ দুর্ঘটনার পর ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা রয়েছে।
দক্ষিণ ক্যাম্পাসের এই বাড়িটিতে মূলত পড়ুয়াদের পেয়িং গেস্ট (পিজি) হিসেবে থাকার ব্যবস্থা ছিল। বাড়িটি ভেঙে পড়ার পর থেকেই নিখোঁজ পড়ুয়াদের পরিজনদের মধ্যে তীব্র উদ্বেগ আর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পবন নামে এক নিখোঁজ পড়ুয়ার দিদি প্রিয়াংশী জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি এই দুর্ঘটনার খবর পান। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন তিনি। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, "আমার ভাই এই বাড়িতেই থাকত। ও কি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে, নাকি হাসপাতালে ভরতি, প্রশাসনের পক্ষ থেকে কেউ আমাকে কিছুই জানায়নি। আমি এইমসে গিয়েও খোঁজ নিয়েছি। সেখানে ভরতি থাকা অন্য পড়ুয়াদের দেখেছি, কিন্তু পবন তাদের মধ্যে নেই। ও কোথায় আছে আমি জানি না। এই পিজিতে ও এক মাসও হয়নি এসেছে। গত রাতেই ওর সঙ্গে আমার শেষ কথা হয়েছিল।"
ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এনএসইউআই সভাপতি বিনোদ জাখর বলেন, তারা পবনের ছবি তাদের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দিয়েছেন এবং ওর খোঁজে সব রকম চেষ্টা চালানো হচ্ছে। প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত নিখোঁজদের সন্ধান বের করবে, এমনটাই আশা পরিজনদের। ঘটনাস্থলে জোরকদমে উদ্ধারকাজ চলছে।