
Bihar's Nalanda District News: মঙ্গলবার সকালে বিহারের নালন্দা জেলায় মারাত্মক দুর্ঘটনা ঘটে গেল। শীতলা মন্দিরে (Sheetla Temple) পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে অন্তত আটজন মহিলার প্রাণ গেল। এদিন শীতলা মন্দিরে পুজো দিতে যান বহু পুণ্যার্থী। হঠাৎ ভিড়ের চাপে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান আট মহিলা। তাঁরা আর উঠে দাঁড়াতে পারেননি। তাঁদের শরীরের উপর দিয়ে চলে যান বহু মানুষ। এর ফলেই আটজন মহিলা প্রাণ হারান বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে মন্দিরে পৌঁছে যান পুলিশকর্মীরা। তাঁরা উদ্ধারকার্য শুরু করেন। স্থানীয় গ্রামবাসীরাও উদ্ধারকার্যে হাত লাগান। চোখের সামনে আটজনকে প্রাণ হারাতে দেখে বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকে অসুস্থও হয়ে পড়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতি মঙ্গলবার সকালে এই মন্দিরে ভিড় জমান বহু মানুষ। পাটনা-সহ (Patna) বিহারের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা এই মন্দিরে ভিড় জমান। এই ভিড় সামাল দেওয়ার জন্য মন্দির কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নেয় না বলেই মত স্থানীয় বাসিন্দাদের। এক প্রত্যক্ষদর্শী বলেছেন, 'ভিড় সামাল দেওয়ার জন্য ব্যবস্থা ছিল না বলেই এই দুর্ঘটনা ঘটেছে।' অন্য এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘কেউই লাইনে দাঁড়াতে চাইছিলেন না। সবাই আগে দর্শন করতে চাইছিলেন। এদিন চৈত্র মাসের শেষ মঙ্গলবার হওয়ায় ভিড় বেশি ছিল। এই কারণেই দুর্ঘটনা ঘটে গিয়েছে।’
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) পদপিষ্ট হয়ে মৃত মহিলাদের নিকটাত্মীয়দের জন্য ছয় লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। এর মধ্যে বিপর্যয় মোকাবিলা দফতর (Disaster Management Department) থেকে চার লক্ষ টাকা দেওয়া হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল (Chief Minister’s Relief Fund) থেকে দু'লক্ষ টাকা দেওয়া হচ্ছে। বিহার সরকারের পক্ষ থেকে মুখ্য সচিবকে বিস্তারিত তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।