
Telegram Banned in India: প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় দেশজুড়ে নিষিদ্ধ টেলিগ্রাম। নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষাকে ঘিরে এমনই বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়ম রুখতে দেশজুড়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হয়েছে এবং আগামী ২২ জুন, সোমবার পর্যন্ত বহাল থাকবে। সরকারি সূত্রের দাবি, নিট-ইউজি ২০২৬-এর পুনঃপরীক্ষার আগে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপের মাধ্যমে প্রশ্নপত্র বা পরীক্ষাসংক্রান্ত গোপন তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই কারণেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিশেষ করে যেসব চ্যানেল ও গ্রুপ পরীক্ষায় অসাধু উপায়ে সাহায্য করার অভিযোগে নজরে এসেছিল, তাদের কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন। উল্লেখ্য, নিট-ইউজি ২০২৬-এর মূল পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগ ওঠার পর পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পুনঃপরীক্ষাকে সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্র। দেশের সমস্ত ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাকে টেলিগ্রাম অ্যাক্সেস ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সরকারের তরফে পরীক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, VPN ব্যবহার করে টেলিগ্রামে প্রবেশের চেষ্টা না করতে। একইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলিকেও ছাত্রছাত্রীদের অনলাইন কার্যকলাপের উপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষাসংক্রান্ত কোনও অননুমোদিত আলোচনা বা তথ্য আদানপ্রদান হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।
শিক্ষামন্ত্রক এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) যৌথভাবে গোটা পুনঃপরীক্ষা প্রক্রিয়ার তদারকি করছে। পরীক্ষার্থীদের শুধুমাত্র এনটিএ এবং সরকারি ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, অভিভাবকদেরও সন্তানদের টেলিগ্রাম ব্যবহার থেকে বিরত রাখার অনুরোধ জানানো হয়েছে। সরকারের মতে, চিকিৎসা শিক্ষায় ভর্তি সংক্রান্ত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা নিট-ইউজি। এমবিবিএস, বিডিএস-সহ বিভিন্ন মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। ফলে পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশাসনের দাবি, সাময়িক এই নিষেধাজ্ঞা পরীক্ষাব্যবস্থার উপর সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। গোয়েন্দা সূত্র থেকে সম্ভাব্য অসাধু চক্রের সক্রিয়তার তথ্য পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, গুজব বা প্রশ্নফাঁস সংক্রান্ত তথ্য ছড়ানোর উপর কড়া নজর রাখবে। যদিও টেলিগ্রাম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, তবু হোয়াটসঅ্যাপ, সিগন্যাল এবং বিভিন্ন সরকারি অনলাইন পোর্টাল ব্যবহার করা যাবে। সরকারের আশ্বাস, ২২ জুন পুনঃপরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই টেলিগ্রামের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। কেন্দ্রের দাবি, এই পদক্ষেপ দেশের মেডিক্যাল ভর্তি ব্যবস্থায় মেধা ও স্বচ্ছতাকে আরও শক্তিশালী করবে।