
সংঘাত-বিধ্বস্ত হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নিয়ে বহুপাক্ষিক আলোচনার জন্য ব্রিটেন (UK) ভারতকে আমন্ত্রণ জানিয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই খবর জানিয়েছেন। এই বৈঠকে নয়াদিল্লির প্রতিনিধিত্ব করবেন বিদেশ সচিব বিক্রম মিসরি। রণধীন বলেন বলেন, "যুক্তরাজ্যের পক্ষ থেকে হরমুজ প্রণালী বিষয়ক আলোচনার জন্য বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে ভারতও অন্তর্ভুক্ত। আমাদের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আজ সন্ধ্যায় এই বৈঠকে অংশ নিচ্ছেন।"
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডরে স্থিতিশীলতা নিশ্চিত করতে বিভিন্ন দেশ যখন নিজেদের মধ্যে সমন্বয় জোরদার করছে, ঠিক তখনই এই পদক্ষেপটি নেওয়া হল। সমুদ্রপথগুলো উন্মুক্ত রাখতে ভারতও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে যোগাযোগ ও আলোচনা চালিয়ে যাচ্ছে। এই দেশগুলির মধ্যে ইরানও রয়েছে।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় জয়সওয়াল বলেন, "আমাদের জাহাজগুলোর জন্য কীভাবে আমরা সবচেয়ে সুষ্ঠু ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পারি, তা খতিয়ে দেখতে আমরা ইরান এবং ওই অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ রাখছি।" তিনি আরও জানান যে, এই কূটনৈতিক উদ্যোগ ইতিমধ্যেই সুফল দিতে শুরু করেছে। সংবাদ সংস্থা এএনআই-এর উদ্ধৃতি অনুযায়ী জয়সওয়াল বলেন, “গত কয়েক দিন ধরে আমরা যে আলোচনা চালিয়ে আসছি, তার সুবাদে ছয়টি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করতে সক্ষম হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে।” এই জাহাজগুলোতে দেশের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য অত্যন্ত প্রয়োজনীয় জ্বালানি সামগ্রী—যেমন এলপিজি (LPG) এবং এলএনজি (LNG)—পরিবহন করা হচ্ছিল।
এদিকে, ইরান জানিয়েছে যে, হরমুজ প্রণালী নিয়ে তাদের ভারতের উদ্বিগ্ন হওয়ার কোনও প্রয়োজন নেই। ভারতীয়দের ‘বন্ধু’ বলে উল্লেখ করল তারা। জানিয়ে দিল, হরমুজ নিয়ে ভারতের উদ্বেগের কোনও কারণ নেই। হরমুজ প্রণালী হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্য পথ, যা গত ইরানের উপরে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা চালানোর পর থেকে কার্যত অচল হয়ে পড়েছে। বৃহস্পতিবার 'এক্স' (X) প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস বলেছে, "আমাদের ভারতীয় বন্ধুরা নিরাপদ হাতেই আছে। চিন্তার কোনও কারণ নেই।"
দক্ষিণ আফ্রিকায় ইরানের দূতাবাসের তরফে এদিন সোশ্য়াল মিডিয়ায় লেখা হয়, "শুধুমাত্র ইরান এবং ওমানই হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আপনারা নিরাপদ হাতেই রয়েছেন, চিন্তার কোনও কারণ নেই।" ওই পোস্টটি আবার রিশেয়ার করে নিয়েছে ভারতে ইরানের দূতাবাস। তাদের বক্তব্য, ‘আমাদের ভারতীয় বন্ধুরাও নিরাপদ হাতেই রয়েছেন। চিন্তার কারণ নেই কোনও’।