
আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। যোগী আদিত্যনাথকে হারাতে এবার আবারও জোট বাঁধতে চলেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। বর্তমানে উত্তরপ্রদেশের অফিসিয়াল বিরোধী দল অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। কিন্তু দুই দলই এখনও পর্যন্ত জোট বেঁধে নির্বাচনের পক্ষেই সওয়াল করেছে। আজ, সোমবার দুপুর ১২টা থেকে দিল্লিতে কংগ্রেস নেতা তথা সাংসদ প্রমোদ তিওয়ারির বাড়িতে একটি বৈঠক হবে। সেখানেই জোট নিয়ে কংগ্রেস নেতাদের মধ্যে প্রাথমিক স্তরে আলোচনা হওয়ার কথা। এই বৈঠকে উপস্থিত রয়েছে কংগ্রেসের পক্ষ থেকে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত রাজেন্দ্র পাল গৌতম, রাজ্য সভাপতি আরাধনা মিশ্র, কার্যনির্বাহী রাজ্য সভাপতি ইমরান মাসুদ এবং বিধানসভা দলের নেতা বীরেন্দ্র চৌধুরী। সমাজবাদী পার্টির পক্ষ থেকে রয়েছেন দলের সাধারণ সম্পাদক রামগোপাল যাদব, রাজ্য সভাপতি শ্যামলাল পাল এবং সাংসদ রাজীব রায় ও ইকরাম হাসান।
সূত্রের খবর, এখনও পর্যন্ত কংগ্রেস উত্তরপ্রদেশে ১০০টির মত আসনে লড়তে চাইছে। উত্তরপ্রদেশ বিধানসভায় মোট আসন সংখ্যা ৪০৩টি। যদিও এই বিষয়ে সমাজবাদী পার্টি এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। সূত্রের খবর, আসন নিয়ে আজ চূড়ান্ত কোনও আলোচনা হবে না। প্রাথমিকস্তরে কথাবার্তা হবে। কংগ্রেস কোন কোন আসনে লড়াই করতে চায় তাই নিয়েই আলোচনা হতে পারে বলেও সূত্রের খবর। এদিনের আলোচনা কোন পথে এগোবে তাই নিয়েই পরবর্তী স্তরে আলোচনা হবে বলেও সূত্রের খবর।
সূত্রের খবর, কংগ্রেস ১০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে। যারমধ্যে রয়েছে ৫০-৫৫টি এমন আসন যেখানে দলের প্রার্থীদের জয় প্রায় নিশ্চিত। কংগ্রেসের আশঙ্কা সবকটি আসন সমাজবাদী পার্টি ছাড়বে না। মাত্র ৪০-৪৫টি আসন ছাড়তে চায়। আর সেই কারণে কংগ্রেস উত্তরপ্রদেশ বিধানসভায় জোটবদ্ধ হয়ে লড়াইয়ের শর্ত হিসেবে কংগ্রেস সংশ্লিষ্ট আসনগুলি চাইছে। এই আসনগুলিতে লোকসভা নির্বাচনে কংগ্রেস অনেকটাই এগিয়ে ছিল, দল শক্তিশালী। কংগ্রেস সূত্রের খবর, 'দলিত-মুসলিম-ব্রাহ্মণ' এই নির্বাচনী সূত্র মেনেই আসনের দাবি জানাতে ব্লু প্রিন্ট তৈরি করেছে কংগ্রেস।
অখিলেশ যাদব স্পষ্ট করে দিয়েছেন যে, শুধু আসন সংখ্যার দিকে নয়, বরং জয়ের দিকেই মনোযোগ দেওয়া উচিত। সমাজবাদী পার্টির জন্য এই নির্বাচন এক ‘করো অথবা মরো’ লড়াই। সমাজবাদী পার্টির একজন সাংসদ মন্তব্য করেছেন যে, উত্তর প্রদেশে কংগ্রেসের কোনও নির্দিষ্ট ভোটব্যাঙ্ক নেই; গত বিধানসভা নির্বাচনে দলটি মাত্র দুটি আসন এবং দুই শতাংশ ভোট পেয়েছিল।
গত নির্বাচনে সমাজবাদী পার্টি জয়ী হয়েছিল সাহারাণপুর, দেহাত, বেহাত, আমেঠি আর রায়বেরেলির মত আসনগুলিতে। কিন্তু সেগুলিতে লড়তে মরিয়া কংগ্রেস। কংগ্রেস নেতা ইমরান মাসুদ ইতিমধ্যেই সাহারনপুরের দুটি আসনেই প্রার্থী দেওয়ার কথা বলেছেন। গান্ধী পরিবারের দখলে থাকা আমেঠি আর রায়বেরেলি ছাড়তে কংগ্রেস কখনই রাজি হবে না। অন্যদিকে জয়ী আসন ছাড়তে চাইবে না অখিলেশরাও। যদিও অখিলেশ-রাহুলের মধ্যে বোঝাপড়া রয়েছে। ইতিমধ্যেই ১৬ নভেম্বর দুই শীর্ষনেতা এই বিষয়ে আলোচনাও করেছেন। কিন্তু এখনও স্পষ্ট নয় কংগ্রেস-সমাজবাদী পার্টির জোট ছবি।