লোয়ি ইনস্টিটিউটের ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্স অনুযায়ী, এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে ভারত। কূটনৈতিক ও সামরিক প্রভাবে অনেকটাই এগিয়েছে দেশ, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় সেরা আঞ্চলিক নেতা হিসেবে উঠে এসেছেন।
এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে নিজেদের জায়গা আরও মজবুত করল ভারত। লোয়ি ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইনডেক্স অনুযায়ী, ২০২৬ সালে ভারতের সার্বিক পাওয়ার স্কোর বেড়ে হয়েছে ৪০.৫। যদিও অর্থনৈতিক সক্ষমতার নিরিখে ভারত সামান্য পিছিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, এ বছর এশিয়া অঞ্চলে ভারতের প্রভাব অনেক বেড়েছে। এর পেছনে রয়েছে উন্নত কূটনীতি, প্রতিরক্ষা চুক্তি, সাংস্কৃতিক প্রসার এবং ভবিষ্যতের জন্য জমা থাকা সম্পদ। তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও চিন।
এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত
অর্থনৈতিক ক্ষমতায় ভারতের স্কোর সামান্য কমে ২৬.৪ হলেও, এই বিভাগে তারা তৃতীয় স্থানেই রয়েছে। লোয়ি ইনস্টিটিউট জানিয়েছে, টাকার দাম কমা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) হিসেব নিকেশের নিয়মে বদলের কারণেই এই পতন। প্রায় ২০ বিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ কমে যাওয়াও এর অন্যতম কারণ। অর্থনৈতিক দিক থেকে কিছুটা পিছিয়ে পড়লেও ভবিষ্যতের সম্পদের ক্ষেত্রে ভারতের স্কোর একলাফে বেড়ে হয়েছে ৫৬.২। আগামী দিনের ভালো অর্থনৈতিক পূর্বাভাস ও নতুন সুযোগের কারণেই এই উন্নতি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, “২০২৬ সালে অর্থনীতি ও কূটনীতিতে মিশ্র ফল পেলেও, এশিয়ায় ভারতের প্রভাব বেশ বেড়েছে।”
কূটনৈতিক প্রভাব
ভারতের সবচেয়ে শক্তিশালী দিক হলো তাদের কূটনৈতিক প্রভাব। এই ক্ষেত্রে তাদের স্কোর ৭০.৩। রিপোর্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আঞ্চলিক নেতৃত্বের বেশ প্রশংসা করা হয়েছে। তিন ধাপ এগিয়ে তিনি এখন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরেই দ্বিতীয় সবচেয়ে প্রভাবশালী আঞ্চলিক নেতা।
অর্থনৈতিক সম্পর্কে সপ্তম
এছাড়া, অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রেও ভারত দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। আঞ্চলিক বাণিজ্য এবং বিনিয়োগে স্থিতিশীলতা থাকায় অন্যান্য দেশের চেয়ে ভালো ফল করেছে ভারত। প্রতিরক্ষা নেটওয়ার্কে স্কোর বেড়ে হয়েছে ১৮.৬ (নবম স্থান)। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্রহ্মোস মিসাইল বিক্রি এবং আঞ্চলিক প্রতিরক্ষায় জোর দেওয়ার কারণেই এই সাফল্য।
সাংস্কৃতিক প্রভাব
সাংস্কৃতিক প্রভাবেও ভারতের স্কোর বেড়ে দাঁড়িয়েছে ৪৩.৮। সংস্কৃতি, তথ্যের অবাধ প্রবাহ এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই উন্নতি হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালের পর এই প্রথম ভারতের হাতে থাকা সম্পদ ও এশিয়ায় তাদের প্রভাবের মধ্যে ফারাক কমেছে। ভবিষ্যতের সম্পদের স্কোর বাড়ায়, আগামী দিনেও ভারত তাদের এই আঞ্চলিক প্রভাব ধরে রাখতে পারবে বলেই মনে করা হচ্ছে।
এগিয়ে চিন
তবে রিপোর্টে এটাও মনে করিয়ে দেওয়া হয়েছে যে, চিনের সার্বিক ক্ষমতা এখনও ভারতের তুলনায় ৮০ শতাংশ বেশি। এর থেকে স্পষ্ট যে, দুই দেশের মধ্যে শক্তির ফারাক এখনও বেশ অনেকটা। ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ২৭টি দেশ ও অঞ্চলকে মূল্যায়ন করা হয়েছে। অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা, কূটনৈতিক প্রভাব-সহ মোট ৮টি ক্ষেত্রের ১৩১টি মাপকাঠির ওপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি হয়েছে।
















